ভাসানটেক হত্যাকাণ্ড: আরও ২ জন গ্রেপ্তার
রাজধানীর মিরপুরের ভাসানটেকে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে এ হত্যা মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হল।
পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, রোববার রাতে ঢাকার গাবতলী এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন বাবুল বেপারী ওরফে বাবুল (২৮) ও মো. আলতাফ হোসেন (২৯)।
গ্রেপ্তারকৃত এই তিনজনই মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার সাইদুর রহমান।
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদের জের ধরে গত ১০ অক্টোবর খুন হন নাসির। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠার প্রেক্ষাপটে গত ১৩ অক্টোবর পুলিশের ২০ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
এদেরমধ্যে ভাসানটেক থানার এক ফাঁড়ির ১৯ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রত্যাহার করা হয় থানার এক পরিদর্শককে।
সোমবারের ব্রিফিংয়ে যুগ্ম কমিশনার মনিরুল সাংবাদিকদের বলেন, “আগে চক্কাকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। রিমান্ডে সে জানিয়েছে নাসিরকে পেটানোর সময় তাদের কাছে পাঁচটি আগ্নেয়াস্ত্র ছিল। বাবুল ও আলতাফের কাছ থেকেও দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ ছয়টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।”
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার বাবুল ও আলতাফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, কোরবানির ঈদের পর ভাসানটেকের বস্তিতে ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে নাসিরের মামাত বোন লাবনীর স্বামী সোহাগের সঙ্গে স্থানীয় সন্ত্রাসী শরীফ ওরফে চক্কার হাতাহাতি হয়।
“অভিযুক্ত শরীফ তার সহযোগী মামুন বাবলু ও আলম ওরফে কানা বাবুল প্রায়ই লাবনীকে উত্ত্যক্ত করত। তার স্বামীকে হুমকি দিত। লাবনী তার উত্ত্যক্ত হবার কথা ফুফাত ভাই নাসিরকে জানালে নাসির ঘটনার প্রতিবাদ করেছিল। এর জেরে চক্কাকে চড়ও মারে নাসির। এরপর চক্কা ও তার সহযোগীরা মিলে নাসিরকে বেদম পেটায়।”
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
