নিউ ইয়র্কে বিএনপি নেতাদের মারামারিতে একজন আহত
নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের মধ্যে মারামারিতে একজন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার ভোর রাত ৩টার দিকে নিউ ইয়র্কের একটি হোটেলের লবিতে এ মারামারির ঘটনা ঘটে। যুক্তরাজ্য বিএনপির নেতা ও তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাহিদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
মারামারির পর হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে দুই গাড়ি পুলিশ এসে হোটেল লবি ঘেরাও করলেও নেতারা বিষয়টি নিজেরা মিটিয়ে ফেলার প্রতিশ্রুতি দেয়ায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মারামারির পর পুলিশ এসেছিল। কিন্তু পুলিশের কাছে আমরা সবাই উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ অবসানের অঙ্গীকার করায় তারা কাউকে গ্রেপ্তার করেনি।"
বিএনপি নেতারা জানান, তিন বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কোনো কমিটি না থাকায় নেতাকর্মীরা বিভিন্ন পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন।
বছরখানেক আগে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্ব পেতে ইচ্ছুক আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, মজিবুর রহমান মজুমদার ও জিল্লুর রহমান নামে চার নেতা দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তলবে লন্ডনে গিয়ে তার সঙ্গে দেখা করেন।
এরপর তারেকের আত্মীয় হিসেবে পরিচয়দানকারী যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি শরাফত হোসেন বাবুও লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলেন। এর বাইরে নেতৃত্ব পেতে নিউ ইয়র্কে জামায়াতি ইসলামীর মতাদর্শের অনুসারী লেখক হিসেবে পরিচিত দুই জনও লন্ডনে গিয়ে তারেকের সঙ্গে বৈঠক করেন বলে বিএনপির কয়েক নেতা জানান।
এ পরিস্থিতিতে কমিটি গঠনের লক্ষ্যে আগামী রোববার বিবদমান গ্রুপগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নেন মাহিদুর রহমান।
মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে পৌঁছেই রোববারের সভা নিয়ে দলের নেতাদের সঙ্গে বসেন মাহিদুর, যা পরদিন ভোররাত পর্যন্ত গড়ায়।
এ সময় হোটেল লবিতে মারামারিতে জড়িয়ে পড়েন শরাফত হোসেন বাবু, সেলিম রেজা ও মিজানুর রহমান। এক পর্যায়ে বিএনপি নেতা সেলিম রেজার ঘুষিতে যুবদল নেতা মিজানুর রহমানের ঠোঁট ফেটে রক্ত বের হয়।
রোববার রাতে একই হোটেলের বলরুমে কার নেতৃত্বে ওই সভা হবে এবং বলরুমের ভাড়া বাবদ দুই হাজার ডলার কিভাবে আসবে তা নিয়েই মারামারি হয় বলে উপস্থিত নেতা-কর্মীরা জানান।
প্রত্যক্ষদর্শী জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯ অক্টোবরের মতবিনিময় সভার জন্যে হলরুমের ভাড়ার দুই হাজার ডলার সংগ্রহ নিয়ে এ সংঘাতের ঘটনা ঘটে।"
এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বলেন, মাহিদুর রহমানের আগমনকে কেন্দ্র করে ‘চাঁদাবাজি ও তার ভাগ-বাটোয়ারা’ নিয়ে এ মারামারি হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শরাফত হোসেন বাবু বলেন, “হোটেল পার্কিং এলাকায় আমার সঙ্গে কেউ কেউ বেয়াদবির চেষ্টা করেছেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে।”
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আকতার হোসেন বাদলও ঘটনার সময় উপস্থিত ছিলেন। ‘চাঁদাবাজি’ বন্ধ না হলে এ ধরনের পরিস্থিতি এড়ানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।
