নীলফামারীতে স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে 'হত্যা'
পারিবারিক কলহের জের ধরে নীলফামারীর ডিমলা উপজেলায় এক গৃহবধূকে কোদালের আঘাতে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটী গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত গৃহবধূ তনজিনা বেগম (৪০) ওই গ্রামের আইজুল ইসলামের স্ত্রী।
গ্রামবাসীর বরাত দিয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী বলেন, "সন্ধ্যায় তনজিনার সঙ্গে দেবর সিরাজুলের ঝগড়া হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তনজিনার স্বামী আইজুল বাড়িতে আসলে দেবর সিরাজুল তাকে নালিশ করে।
"এনিয়ে তনজিনার সাথে বাকবিতণ্ডা শুরু হয় আইজুলের । এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আইজুল ঘরে থাকা মাটি কাটার কোদাল দিয়ে তনজিনার মাথায় এলোপাতারি কোপ মারলে ঘটনাস্থলেই সজ্ঞাহীন হয়ে পড়েন তিনি।"
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) অনুপ কুমার রায় বলেন, "রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কে বা কারা এই গৃহবধূকে মাথায় এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের বারান্দায় ফেলে রেখে যায়।
"এসময় হাসপাতালের কর্মচারীরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।"
ওসি শওকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই ঘটনায় রাত সাড়ে ১১টা পর্যন্ত কেউ অভিযোগ করেননি। ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও দেবরসহ ওই পরিবারের সবাই পলাতক ।
"তবে তাদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে।"
