২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে বিজিবি দলকে লক্ষ্য করে গুলি, আহত ১

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড অফ বাংলাদেশের (বিজিবি) টহলরত সদস্যদের লক্ষ্য করে চালানো গুলিতে বাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 12:42 AM

Updated : 22 Aug 2022, 07:19 PM

গুলিবিদ্ধ সুমন তালুকদার বিজিবিতে সৈনিক পদে রয়েছেন। তার আনুমানিক বয়স ২২ বছর বলে সীমান্তরক্ষী বাহিনীটির কর্তৃপক্ষ জানিয়েছে।

বুধবার রাত ১০ টার দিকে নাফনদীর জাদিমুরা মোহনায় বিজিবি সদস্যদের উপর এই গুলি বর্ষণের ঘটনা ঘটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিজিবি টেকনাফের ৪২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আবুজার আল জাহিদ।

তবে কারা ওই গুলি চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি তিনি।    

বিজিবি কর্মকর্তা আবুজার আল জাহিদ  বলেন, "রাতে টহলরত বিজিবি সদস্যদের ওপর নাফনদীতে ট্রলারযোগে এসে একটি দল গুলি বর্ষণ করে। এতে এক বিজিবি সদস্য আহত হন। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালায়।

"এঘটনার পর কারা গুলি করে তা নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।"

আহত বিজিবি সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।