২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলায় মুক্তিযোদ্ধা পল্লী হবে: মোজাম্মেল

প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা পল্লী নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 07:50 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বুধবার পঞ্চগড়ে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যই এ দেশ স্বাধীন হয়েছে, সবাই স্বাধীনতার স্বাদ পাচ্ছে। এজন্য কোনো মুক্তিযোদ্ধা গৃহহীন থাকবে, সোট কোনোভাবেই কাম্য নয়।

“এজন্য দেশের প্রতিটি উপজেলায় গৃহহীন ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা পল্লী নির্মাণ করা হবে।”

মুক্তিযোদ্ধাদের অস্বচ্ছলতা ঘোচাতে আগামী বছরের জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধা ভাতা পাঁচ হাজার টাকা থেকে ১০ হাজার টাকায় উন্নীত করা হবে এবং উৎসব ভাতাও প্রদান করা হবে বলে তিনি জানান।

মুক্তিযুদ্ধের সময় ১৫ বছরের কম কেউ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হবে না জানিয়ে মন্ত্রী বলেন, এতে বড়জোর তিনশর মতো নাম বাদ পড়তে পারে।

তবে, কেউ যদি ১৫ বছরের কম বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার কথা জানান সেক্ষেত্রে নেতৃস্থানীয়দের সুপারিশে এর ব্যতিক্রম হতে পারে।

মন্ত্রী আরো বলেন, দেশ পরিচালিত হয় প্রশাসনযন্ত্রের মাধ্যমে। কিন্তু অনেকেই  মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের পটভূমি সম্পর্কে জানে না। এজন্য এখন থেকে বিসিএস পরীক্ষায় এ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।

নতুন তালিকা সম্পর্কে মন্ত্রী বলেন, প্রতি উপজেলায় ৭ সদস্যের বাছাই কমিটির মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।  

সকালে পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে মন্ত্রী বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, সাবেক জেলা কমান্ডার এস এম লিয়াকত আলী, সদর উপজেলা কমান্ডার ইসমাইল হোসেন, জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল প্রমুখ।