লতিফ সিদ্দিকীকে আদালতে তলব
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কটূক্তি ও মানহানিকর বক্তব্যের একটি মামলায় সদ্য অপসারিত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে তলব করেছে কিশোরগঞ্জের একটি আদালত।
বুধবার ১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী আইনজীবী পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবুল কাউছার খান মিল্কী।
শুনানি শেষে আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলাউল আকবর মামলাটি আমলে নিয়ে বিবাদী আবদুল লতিফ সিদ্দিকীকে আগামী ১০ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার আদেশ দেন।
বাদীর আইনজীবী সানোয়ার হোসেন রুবেল বলেন, গত ২৯শে সেপ্টেম্বর নিউইয়র্কের একটি অনুষ্ঠানে আবদুল লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রীর ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, যা মানহানিকর।
এতে ক্ষুব্ধ হয়ে মো. আবুল কাউছার খান মিল্কী আদালতে বিচার প্রার্থনা করেছেন।
দণ্ড বিধির ৫০০ ধারায় দায়েরকৃত মামলায় সাত জন আইনজীবীকে সাক্ষী করা হয়েছে বলে তিনি জানান।
এর আগে সোমবার ও মঙ্গলবার কিশোরগঞ্জে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরো দুটি মামলা হয়।
এর মধ্যে সোমবার কিশোরগঞ্জ জজ আদালতের আইনজীবী মো. কামরুল ইসলাম রতন বাদী হয়ে একটি এবং মঙ্গলবার অষ্টগ্রাম উপজেলার কাগজী গ্রামের বাসিন্দা জেলা ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক ও ঢাকার খিলক্ষেতের জামিয়া এমদাদিয়া সাইফুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. খালেদ সাইফুল্লাহ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন।
ওই দুই মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে হজ সম্পর্কে এবং তাবলিগ জামাত সম্পর্কে কটূক্তিপূর্ণ ও ধর্মীয় বিশ্বাসের অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়।
