২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহলে খুন: ১৯ দিন পর  লাশ গেল ভারতে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় ছিটমহলে খুন হওয়া এক নারীর লাশ ময়নাতদন্তের জন্য ১৯ দিন পর ভারতে পাঠানো হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 05:44 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

পাটগ্রাম থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে লালমনিরহাট সদর হাসপাতালের হিমঘর থেকে বুধবার  সকাল সাড়ে ১০টায় লাশটি ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মেখলিগঞ্জ থানার ওসি বিশ্বজিৎ মজুমদারের নেতৃত্বে  চার সদস্যের একটি প্রতিনিধি দলের কাছে বুড়িমারী জিরো পয়েন্টে তিনি (ওসি  আমিরুজ্জামান) লাশ হস্তান্তর করেন।

পরে ভারতীয় প্রতিনিধি দল ১৬ নম্বর ভোটবাড়ী ছিটমহলের ঘটনাস্থল পরিদর্শন করেন বলে ওসি জানান।

গত ২৭ সেপ্টেম্বর পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে অবস্থিত ভারতীয় ১৬ নং ভোটবাড়ী ছিটমহলের বাসিন্দা রুবেল হেসেনের স্ত্রী সেলিনা বেগম (২৫) খুন হন।

এরপর থেকে নানা ঘটনার মধ্য দিয়ে তার লাশ লালমনিরহাট সদর হাসপাতালের হিমঘরে রয়েছে।

ওসি জানান, এদিকে এ ঘটনায় সেলিনার চাচা সমাজ উদ্দিন বাদী হয়ে ভারতের মেখলিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় বিজিবির সহযোগিতায় ভোটবাড়ি ছিটমহল থেকে তার স্বামী রুবেলকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

ওসি আমিরুজ্জামান আরো জানান, গত ২৭ সেপ্টম্বর রাত ২টায় নিজঘরে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় সেলিনা বেগমকে। এরপর তার দুই ছেলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সেলিনার লাশ দেখেন। তার তলপেট ও বুকে ধারালো অস্ত্রের আঘাত করা হয়।

কিন্তু ঘটনাস্থল ভারতীয় ছিটমহল হওয়ায় সেখানে বাংলাদেশের পুলিশ কিংবা বিজিবি যায়নি। প্রায় ১৬ ঘণ্টা ওই বাড়িতেই সেলিনার লাশ পড়ে ছিল। পরে ওইদিনই বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়, কিন্তু তাতে কোনো সিদ্ধান্ত না হওয়ায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা লাশটি পাটগ্রাম থানায় নিয়ে আসে।

তখন থানা পুলিশ পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হককে উপস্থিত রেখে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ এতে আপত্তি জানালে ময়নাতদন্ত স্থগিত রেখে লাশ হিমঘরে রাখা হয়। এরপর এ নিয়ে দুদেশের মধ্যে আলাপ-আলোচনা চলতে থাকে।