বুধবার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী
এশিয়া-ইউরোপ আন্তঃমহাদেশীয় ফোরামের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, সম্মেলনে যোগ দিতে বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিলানের উদ্যেশ্যে ঢাকা ত্যাগ করবেন শেখ হাসিনা।
এদিকে প্রধানমন্ত্রীর মিলান সফর নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, “সম্মেলনে বৃহস্পতিবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জলবায়ু পরিবর্তন, এমডিজি, পোস্ট এমডিজি, এশিয়া-ইউরোপের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।”
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ধারা তুলে ধরে তিনি বলেন, “এ বিষয়ে আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি সম্মেলনে গুরুত্ব বহন করবে।”
শীর্ষ সম্মেলনে যোগদান ছাড়াও শেখ হাসিনা ইতালি, নেদারল্যান্ডস, গ্রীস ও সুইডেনের সরকার প্রধানদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক এবং ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলের প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, বর্তমানে ৫১টি দেশ আসেমের সদস্য হিসেবে রয়েছে। ক্রোয়েশিয়া ও কাজাখস্তান সদস্য হওয়ার অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ এই দুদেশের অন্তর্ভুক্তির প্রস্তাব সমর্থন করেছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারিভাবে ৫০ সদস্য রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মিলানে প্রবাসী বাংলাদেশীদের একটি সংবর্ধনা সভাতেও প্রধানমন্ত্রীর যোগ দেয়ার কথা রয়েছে।
