২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেলের জমিতে দুই দশকের পুরনো বস্তি উচ্ছেদ

বন্দরনগরীর দেওয়ানহাট ব্রিজের নিচে রেললাইনের দুই পাশে প্রায় দুই দশক ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বস্তি উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 06:31 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এর নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম।

পূর্ব রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে এসব বস্তি গড়ে উঠেছে।

“ঘর, দোকান, ক্লাবসহ মোট পাঁচ শতাধিক স্থাপনা আজ উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার হওয়া দুই একর জমি রক্ষায় কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে বৃক্ষরোপণ করা হবে।”

জসিম উদ্দিন বলেন, অল্প কিছু ঘর এখনো রয়ে গেছে। তাদের একদিন সময় দেওয়া হয়েছে। সরে না গেলে ১৬ অক্টোবর আবার অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হবে।

রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে গড়ে ওঠা দোকান ও ক্লাবঘর, দেওয়ানহাট ব্রিজের নিচে দুই পাশের বস্তি এবং রেল লাইনের ওপর বসা কাঁচা বাজারও উচ্ছেদ করা হয়েছে এ অভিযানে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেওয়ানহাট ব্রিজের নিচে চুলা বসিয়ে রান্নার কাজ করত বস্তির লোকজন। এতে ব্রিজের নিচে ও পিলারে কালো দাগ পড়ে গেছে। ব্রিজটিরও ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”

দেওয়ানহাট ব্রিজের নিচে রেললাইনের দুই পাশে সীমানা প্রাচীর ঘেষে গড়ে ওঠা অধিকাংশ কাঁচা বস্তি এ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়।

রেলওয়ে পুলিশ সুপারের সামনের কার্যালয়ের সামনের সড়কটিও বেদখলে ছিল জানিয়ে জসিম উদ্দিন বলেন, “এটা তো আর মেনে নেওয়া যায় না। তাই সব ক্লাব ও দোকান ভেঙে দেওয়া হয়েছে।

উচ্ছেদ অভিযান চলাকালে ভেঙে দেওয়া বস্তির বাসিন্দাদের মালামাল নিয়ে সরে যেতে দেখা যায়। তাদের অনেকেরই ধারণা, কয়েকদিন গেলেই আবার তারা ব্রিজের নিচে ফিরে ঘর তুলতে পারবেন।