নয় জেলেকে ২২ হাজার টাকা জরিমানা
ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় নিষেধাজ্ঞা সত্ত্বেও মাছ ধরার অভিযোগে নয় জেলেকে কোনা ও কারেন্ট জালসহ আটক করে জরিমানা আদায় করেছে কোস্টগার্ডের সদস্যরা।
সোমবার ভোরে ধলেশ্বরী এবং মেঘনা নদীতে অভিযান চালিয়ে পাঁচ লাখ মিটার কোনা ও কারেন্টজালসহ তাদেরকে আটক করা হয় বলে কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে চাঁদপুর পদ্মা-মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এর অংশ হিসাবে মেঘনা নদী ও নদী তীরের বিভিন্ন মাছের হাটে মৎস বিভাগ, কোস্টগার্ড় ও নৌ-পুলিশের অভিযান চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে নারায়ণগঞ্জ জেলার কোস্টগার্ডের একটি দল ধলেশ্বরী ও মেঘনায় অভিযান চালায়।
এতে ৮০ কেজি ইলিশ মাছসহ সাড়ে চারলাখ মিটার ইলিশ ধরার কোনা জাল এবং ৭০ হাজার মিটার কারেন্ট জাল আটক হয়।
এসব মাছ এবং জালের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। একই সময় গ্রেপ্তার হওয়া ৯ জেলেকে ভ্রাম্যমান আদালত মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আটক করা জালগুলো পরে পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয় বলে কোস্টগার্ড জানিয়েছে।
