২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম শ্রেণির ছাত্রীর বিয়ে ঠেকাল প্রশাসন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বিয়ে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 04:59 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার পুলিশের সহায়তায় সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তসলিমা আক্তারের (১২) বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) চন্দন কুমার চক্রবর্তী জানান, রোববার বিষয়টি জানার পর সকালে মেয়েটির বাড়িতে পুলিশ পাঠানো হয়।

মেহেরিয়া পাড়ার সৌদি প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে তাসলিমা ‍আক্তারের সঙ্গে কোদালা ইউনিয়নের ওমান প্রবাসী আজিম উদ্দিনের (৩০) বিয়ে দিচ্ছিলেন তার মা নুরজাহান বেগম ও চাচা মৌলভি কামাল উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্ধারিত বয়সের আগে তসলিমাকে বিয়ে দেওয়া হবে না বলে তার মা মুচলেকা দিয়েছেন।”

তসলিমার বিয়ে বন্ধে ব্যবস্থা নিতে রোববার তার স্কুলের প্রধান শিক্ষক কাজী মুহাম্মদ আলমগীর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি দিয়েছিলেন।

কাজী মুহাম্মদ আলমগীর বলেন, “গত শনিবার রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের কাছ থেকে বিষয়টি জানার পর স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাল্য বিয়ের বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানাই।”

প্রধান শিক্ষক আলমগীর জানান, জন্মসনদ অনুযায়ী মেয়েটির জন্ম তারিখ ২০০২ সালের ২২ এপ্রিল। সে হিসেবে তার বয়স ১৩ বছরেরও কম।

আগামী ২৩ নভেম্বর থেকে অনুষ্ঠেয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় তার ‍অংশ নেওয়ার কথা আছে বলেও জানান তিনি।