২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির পর প্রথম কার্যদিবসেও ঈদের আমেজ

ঈদের ছুটি শেষে সরকারি অফিস-আদালত খুললেও প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে এখনো চলছে ঈদের আমেজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 12:25 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

বুধবার সকাল ৯টা থেকে কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের দপ্তরগুলোতে আসতে শুরু করলেও ছুটির পর প্রথম দিন উপস্থিতির হার তুলনামূলকভাবে কম।

এবার ৫ থেকে ৭ অক্টোবর কোরবানির ঈদের ছুটি থাকলেও তার আগের দিন ছিল দুর্গাপূজার ছুটি। তার আগে দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় গত বৃহস্পতিবার থেকেই শুরু হয় কর্মকর্তা-কর্মচারীদের ঈদযাত্রা।  

তিনদিন ঈদের ছুটির পর অনেকে আবার বুধবার ও বৃহস্পতিবারও ছুটি নিয়েছেন; তারা কর্মক্ষেত্রে ফিরবেন আগামী রোববার।

ফলে সকাল ১১টার দিকে সচিবালয়ে ঘুরে অধিকাংশ অফিস কক্ষই ফাঁকা দেখা যায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ছুটির পর প্রথম দিন সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার ৬০ শতাংশেরও কম।

প্রতিবারই ঈদের ছুটির সঙ্গে আরো দুই-এক দিন বাড়তি ছুটি নিয়ে থাকেন অনেকে। এবার ছুটির আবেদনকারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল বলে কর্মকর্তারা জানান।

বুধবার যারা অফিসে ফিরেছেন, তাদেরও দিনের প্রথম ভাগ কেটেছে ঈদের কোলাকুলি ও কুশল বিনিময় করে। কাজের তেমন ব্যস্ততা কোথাও দেখা যায়নি।

অধিকাংশ দপ্তরের সচিব এদিন কার্যালয়ে ফিরে কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করছেন।

ঈদের পর প্রথম অফিসে এসেই কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

কর্মকর্তারা জানান, এবার অধিকাংশ মন্ত্রীই ঈদ করেছেন নিজের এলাকায়। দুপুরের দিকে তারা অফিসে আসতে পারেন বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে দর্শনার্থীদের অভ্যর্থনা কক্ষও খালি দেখা যায়।