রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে মুখোশধারীরা
রাজশাহী মহানগরীতে একদল মুখোশধারী খুলনা মেডিকেল কলেজের এক ছাত্রকে কুপিয়ে আহত করেছে।
গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শাকিউল ইসলাম খুলনা মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক নুরুল ইসলাম তার বাবা।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর বাজার এলাকায় এই হামলা হয়।
“শাকিউল রিকশা থেকে পড়ে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। কিন্তু তার ভাই আমিউলকে আঘাত করেনি তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মুমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাকিউলের হাত, পা ও পিঠের ১০টি জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।”
রাতে আহত ছাত্রলীগ নেতাকে দেখতে যান আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন।
