২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ শেষে চলছে হাড় সংগ্রহ

কোরবানির ঈদের পরদিনই শুরু হয়েছে পশুর হাড়, দাঁত ও শিং সংগ্রহের কাজ। সকাল থেকে সন্ধ্যা অবধি চলছে এ কাজ। এভাবে চলবে দু’তিন দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 07:52 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

মঙ্গলবার যশোরের সীমান্ত উপজেলা শার্শার বেনাপোলে বেশকিছু ছিন্নমূল শিশুকে এ কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে।

গরু-মহিশ-ছাগলের হাড়, দাঁত ও শিং থেকে তৈরি হয় সার ও চিরুনিসহ নানা সামগ্রী। আগে ভারতে এসব হাড়, দাঁত ও শিং রপ্তানি হলেও এখন তা বন্ধ হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানান।

যশোরের ব্যবসায়ী ইউনিক এন্টারপ্রাইজের মালিক আব্দুল হাই জানান, দেশেই এখন হাড় ও শিং থেকে নানা জিনিস তৈরি হচ্ছে। খুলনায় কয়েকটি কারখানা গড়ে উঠছে। এখানে ব্যবসায়ীরা ভারত থেকে বেশি দাম পাচ্ছে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বছরখানেক আগেও বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৫/৬ ট্রাক হাড় ভারতে রপ্তানি হতো।

কিন্তু ব্যবসায়ীরা ওদেশে দাম না পাওয়ায় রপ্তানি বন্ধ করে দিয়েছেন।

সীমান্ত এলাকার হাড় সংগ্রহকারী কয়েকজন শিশু জানায়, সোমবার সারাদিন তারা ব্যস্ত ছিল কোরবানির মাংস সংগ্রহে। মঙ্গলবার সকাল থেকেই চটের বস্তা পিঠে নিয়ে নেমে পড়েছে রাস্তায়, বিভিন্ন বাড়ির আশপাশে ফেলে দেয়া হাড়, দাঁত ও শিং সংগ্রহে।

শিশু আকলিমা (১০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “হাড় কুথায় (কোথায়) যায় আমরা বলতি পারিনে, তবে খুলনার আজগার নামে একজন আমাদের কাছ থেকে হাড়, দাঁত ও শিং কিনে নিয়ে যায়।”

তিনি প্রতিকেজি হাড় আট টাকা, দাঁত আর শিংয়ের দাম ১৫ টাকা দেন বলে জানায় আকলিমা।

শিশু শরীফুল (১০) ও তাহের (১২) জানায়, তারা সব সময়ই হাড় সংগ্রহ করে না। কোরবানির ঈদের সময়ই হাড় পাওয়া যায় বেশি। তাই ঈদের পর দুই-তিন দিন এই কাজ টানা করে যায়।

সারাদিন হাড় কুড়িয়ে একটি শিশু দুই থেকে তিনশ টাকা আয় করতে পারে বলে জানায় তারা।