বেশি দামে চামড়া কিনতে হচ্ছে চুয়াডাঙ্গায়
ট্যানারি মালিকদের নির্ধারিত মূল্যের বেশি দামে চামড়া কিনছেন বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার কয়েকজন ব্যবসায়ী।
এবার বাজারে চামড়ার আমদানি কম থাকা এবং প্রতিযোগিতার কারণে মূল্য বেড়েছে বলে মনে করছেন তারা।
এদিকে চামড়া পাচার প্রতিরোধে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
চুয়াডাঙ্গার কেদারগঞ্জের প্রবীণ চামড়া ব্যবসায়ী মহিন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর ট্যানারি মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বর্গফুট লবণযুক্ত মহিষের চামড়ার ক্রয়মূল্য ধরা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া ৩০ থেকে ৩৫ টাকা এবং বকরির চামড়া ২৫ থেকে ৩০ টাকা।
“কিন্তু চুয়াডাঙ্গার চামড়া ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে ৫-৭ টাকা বেশি দরে চামড়া কিনেছেন,” বলেন তিনি।
তিনি জানান, অন্যান্য বছর ভারত সীমান্তবর্তী বাজারের চামড়া ব্যবসায়ীরা চুয়াডাঙ্গা শহরে এসে চামড়া কেনেন। এ বছর তেমনটা দেখা যাচ্ছে না।
সীমান্ত এলাকা থেকে আসা ব্যবসায়ীরা চামড়ায় সামান্য খুঁত থাকলেও তা নিতে চান না। কিন্তু নাটোর কিংবা কুষ্টিয়ায় চামড়া পাঠালে সেই ঝামেলা নেই।
তাই চুয়াডাঙ্গা শহরের ব্যবসায়ীদের অনেকেই এখান থেকে চামড়া কিনে নাটোর ও কুষ্টিয়ায় নিয়ে বিক্রি করেন।
তিনি জানান, প্রতি বছরই ‘হঠাৎ ব্যবসায়ী’র আবির্ভাব ঘটে। তারা প্রকৃত চামড়া ব্যবসায়ী নন অথচ, কোরবানি ঈদের সময় চামড়া কেনাবেচা শুরু করেন। এতে বাজারে প্রকৃত ব্যবসায়ীদের কখনো কখনো বিড়ম্বনায় পড়তে হয়। তাদের কারণেও দাম ওঠানামা করে।
প্রতিবছর জেলায় প্রায় একশ ‘হঠাৎ চামড়া ব্যবসায়ী’ মাঠে নামে বলে জানান তিনি।
চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি নিজের কোরবানি দেয়া ছাগলের একটি চামড়া বিক্রি করেছেন ২৭০ টাকায়।
এ ব্যাপারে দীর্ঘদিনের চামড়া ব্যবসায়ী দামুড়হুদা উপজেলার তোফাজ্জেল হোসেন বলেন, একটি ছাগলের চামড়া ২৭০ টাকা হলে তা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি হয়।
এভাবে জেলার অনেকেই ট্যানারি মালিকদের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কিনছেন বলে জানান তিনি।
তোফাজ্জেল বলেন, “কুষ্টিয়া, নাটোর, ঝিনাইদহ, যশোরের ট্যানারি ব্যবসায়ীদের কাছ থেকে আগাম টাকা নিয়ে আমরা চামড়া কিনে তাদের কাছে পাঠাই। প্রতি ঈদে কী পরিমাণ চামড়া দেব সেই হিসাবে টাকা নেওয়া থাকে। যেকোনোভাবে ব্যবসার সুনাম রক্ষার জন্য আমরা আমাদের কথা রক্ষা করার চেষ্টা করি। প্রতিশ্রুতি অনুযায়ী চামড়া পাঠিয়ে থাকি।”
চামড়া পাচারের ব্যাপারে তিনি বলেন, চামড়া পাচারের আশঙ্কা করছেন না তারা। তারপরও এ বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য পুলিশ ও বিজিবিকে অনুরোধ করেছেন।
দাম বাড়ার ব্যাপারে দামুড়হুদার ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, যারা একটি দুটা করে চামড়া বিক্রি করে তারা বিভিন্ন জনের কাছে মূল্য যাচাই করে, তারপর বিক্রি করে।
এ কারণে অনেকেই চামড়া হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে কিছুটা বেশি দাম হলেও কিনে নেয় বলে হাফিজুর জানান।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটানেন্ট কর্নেল এস এম মনিরুজ্জামান বলেন, চামড়া পাচার প্রতিরোধে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
সরকারের নির্দেশনা মেনে গত শুক্রবার (৩ অক্টোবর) চামড়া ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়া সংগ্রহের মূল্য নির্ধারণ করেছেন, যা গত বছরের তুলনায় বেশ কম।
ট্যানারি ব্যবসায়ীরা এবার রাজধানীতে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া কিনবেন ৭০ থেকে ৭৫ টাকায়। ঢাকার বাইরে এর দাম হবে ৬০ থেকে ৬৫ টাকা।
এছাড়া প্রতি বর্গফুট লবণযুক্ত মহিষের চামড়ার দাম ধরা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া ৩০ থেকে ৩৫ টাকা এবং বকরির চামড়া ২৫ থেকে ৩০ টাকায় সংগ্রহ করা হবে।
গত বছর সরকার নির্ধারিত দাম অনুযায়ী ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া কেনেন ৮৫-৯০ টাকায়। আর ঢাকার বাইরে তা কেনা হয় ৭৫-৮০ টাকায়।
সারাদেশে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম গত বছর ছিল ৫০-৫৫ টাকা। বকরির চামড়া ৪০-৪৫ টাকা এবং মহিষের চামড়া ৪০-৪৫ টাকায় বেঁধে দেওয়া হয়েছিল।
