২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুইশ ঈদ জামাত

চট্টগ্রাম নগরীতে প্রায় দুইশ ঈদ জামাত ও পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা পালন করছে মুসলিম সম্প্রদায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 01:16 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

সোমবার সকাল পৌনে ৮টায় চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এ জামাতে ইমামতি করেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী।

একই স্থানে সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডসহও চসিক’র অধীনে চট্টগ্রামে ১৯০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। 

জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের জামাতে চট্টগ্রামের সিটি মেয়র এম মনজুর আলম, সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ নুরুল ইসলাম বিএসসি, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, জাতীয় পার্টি নেতা ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধূরী, সোলায়মান আলম শেঠসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণিপেশার লোকজন। 

এছাড়া এম এ আজিজ স্টেডিয়াম মসজিদ সংলগ্ন অনুশীলন মাঠে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে সকাল পৌনে ৯টায় জামাত অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা এই জামাতে অংশ নেন। নামাজ আদায় শেষে সবাই পরষ্পরের মধ্যে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

এরপর বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয় পশু কোরবানি।

এদিকে ঈদ উপলক্ষ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারসহ  বিভিন্ন এতিমখানায় বিশেষ খাবারের আয়োজন করেছে কর্তৃপক্ষ।