‘দুর্গতিনাশিনী’র বিদায়
মহালয়ার মধ্য দিয়ে ১০ দিন আগে যে উৎসবের শুরু হয়েছিল, ঢাকের বাদ্যে, সিঁদুর খেলায় তা শেষ হল ‘দুর্গতিনাশিনী দেবী’ দুর্গাকে বিদায় দেওয়ার মধ্য দিয়ে।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বী বাঙালির সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটেছে শনিবার।
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে যাচ্ছেন কৈলাসে স্বামীর ঘরে। তিনি এক বছর পর আবার আসবেন পিতৃগৃহ এই ধরণীতে।
হিন্দু পঞ্জিকা মতে, এবার দেবী এসেছেন নৌকায় চড়ে, ফিরছেন দোলায় (পালকিতে)।
দুপুর সোয়া ২টায় বুড়িগঙ্গার ওয়াইজঘাটের বিনাস্মৃতি স্নানঘাটে সূত্রাপুরের আরএম দাস রোডের একটি মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীতে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে।”
রাজধানীর প্রধান পূজা উদযাপন কেন্দ্র ঢাকেশ্বরীর পূজামণ্ডপ থেকে বিকাল সাড়ে ৩টার দিকে প্রতিমা বিসর্জনের যাত্রা শুরু হয়।
লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুস সালাম জানান, প্রতিমা বিসর্জন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের পাশাপাশি র্যাবেরও টহলও ছিল।
ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা জানান, মূলত ‘দর্পণ বিসর্জনের’ মাধ্যমে সকালেই দেবীর শাস্ত্রীয় বিসর্জন সম্পন্ন হয়। মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতিমা থেকে ঘটে এবং ঘট থেকে আবার ভক্তের হৃদয়ে ‘মাকে’ নিয়ে আসাকে বিসর্জন বলে।
রাজধানীর অধিকাংশ মণ্ডপের প্রতিমা বিসর্জন হয় সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে। এর আগেই নগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিমা জড়ো করা হতে থাকে পলাশী মোড়ে।
শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাক-ঢোলের সনাতনি বাদ্যের সঙ্গে আধুনিক উচ্চস্বরের সাউন্ড সিস্টেমে দেবী বন্দনার গানের মধ্য দিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে কয়েক হাজার মানুষের এ শোভাযাত্রার সময় বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজটের। পলাশী থেকে পুরান ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে বুড়িগঙ্গা তীরে শেষ হয় শোভাযাত্রা।
প্রতিমা ঘাটে নিয়ে আসার পর শেষবারের মতো ধুপধুনো নিয়ে আরতিতে মেতে ওঠেন ভক্তকূল। শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্যদিয়ে দেবীকে নৌকায় তুলে বিসর্জন দেওয়া হয়।
চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীর চোখের জলে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে।
এবার সেরা পূজার পুরস্কার পেয়েছে লালখান বাজারের সনাতন সমাজ কল্যাণ যুব সংঘ পূজা উদযাপন পরিষদ। এই বিভাগে দ্বিতীয় হাজারী লেইন, তৃতীয় দক্ষিণ নালা পাড়া এবং চতুর্থ হয়েছে কাট্টলী নাথ পাড়ার পূজা।
শ্রেষ্ঠ প্রতিমা নির্বাচিত হয়েছে নবগ্রহ বাড়ির, শ্রেষ্ঠ সাজসজ্জা সতীশ বাবু লেইনের এবং শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য পুরস্কার পেয়েছে আগ্রাবাদ একতা গোষ্ঠীর পূজা।
এছাড়া নগরীর ১৬টি থানার প্রতিটি থেকে একটি করে মণ্ডপকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম বলেন, “চট্টগ্রামের পবিত্র ভূমিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। অশুভ শক্তির বিনাশ, ঐক্য ও মহামিলনের প্রতীক শারদীয় দুর্গোৎসব।”
দুপুর থেকেই নগরীর মণ্ডপগুলোতে শুরু হয় বিসর্জনের আয়োজন। ঢাক-ঢোল বাজিয়ে প্রতিমা ট্রাকে তোলার পর ভক্তরা এগিয়ে চলে সৈকতের পথে। বন্দর নগরীর প্রতিটি বড় সড়কেই ছিল বিসর্জনের বর্ণিল শোভাযাত্রা।
নগরীর প্রায় দুই শতাধিক প্রতিমা পতেঙ্গা সৈকতে বিসর্জন হয়। পাশাপাশি নগরীর অভয়মিত্র ঘাট ও মোহরায়ও প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
কক্সবাজার সৈকতে ১২০ প্রতিমা বিসর্জন
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে একসঙ্গে ১২০ টি প্রতিমা বিসর্জন হয়েছে।
সংশ্লিষ্টদের ধারণা, এবার ১ লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত দাশ বলেন, সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কক্সবাজারের সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রত্যয় ঘোষণা হল। এতে সকল ধর্মের মানুষের শামিল ছিল।
কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী, রামুর বাঁকখালী, টেকনাফর সাগর ও নাফনদী, উখিয়ার ইনানী সৈকত ও রেজুনদীতেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
