২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীদের জন্য আচরণবিধি চান সুরঞ্জিত

‘বিব্রতকর পরিস্থিতি’ এড়াতে মন্ত্রীদের জন্য আচরণবিধি প্রণয়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ‍উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 02:13 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেছেন, “মন্ত্রীরা হঠৎ হঠাৎ করে এমন সব বক্তব্য দেন যাতে প্রধানমন্ত্রী, সরকারসহ জাতিকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এর থেকে বাঁচার উপায় হিসেবে মন্ত্রীদের জন্য কোড অব কন্ডাক্ট চালু করা যায় কি না তা ভেবে দেখতে হবে।”  

গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ ‍ও তাবলিগ জামায়াত নিয়ে মন্তব্যের জন্য ব্যাপক সমালোচনার মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে ‘অব্যাহতির’ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দল থেকেও সরানোর কথা বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী।

আওয়ামী লীগের সভাপতিমিণ্ডলীর সদস্য লতিফ ওই অনুষ্ঠানে বলেন, “আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী।”

এর ব্যাখ্যায় তিনি বলেন, বিপুল সংখ্যক মানুষ হজে যাওয়ায় দেশের অর্থ আর শ্রম শক্তির ‘অপচয়’ হয়। উৎপাদনে প্রভাব পড়ে। 

এরপর ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেয়ার অভিযোগে লতিফের বিরুদ্ধে বিভিন্ন জেলায় অন্তত দুই ডজন মামলা হয়। বিএনপি এবং কয়েকটি ইসলামী সংগঠন তাকে গ্রেপ্তারেরও দাবি জানায়।

এরইমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী লতিফকে মন্ত্রিসভা ও দল থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শুক্রবার সংবাদ সম্মেলনে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হবে বলে জানিয়েছেন।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওই আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “সব কিছু নিয়ন্ত্রণের বিধি থাকে। বিচারকদেরও কোড অব কন্ডাক্ট রয়েছে। একজন মন্ত্রী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। তার আচরণ অনুসরণীয় হতে হয়। তার পদের রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব রয়েছে। তারা যা ইচ্ছা বলতে পারেন না। যে কোনো আচরণ করতে পারেন না।

“মন্ত্রিসভা আসবে-যাবে। বিব্রতকর পরিস্থিতি অতীতে হয়েছে, ভবিষ্যতেও হবে। এর থেকে বাঁচার জন্য কোড অব কন্ডাক্ট করা যায় কি না ভাবতে হবে। সমস্যটা দল বা সরকারের নয়। এটাকে জাতীয়ভাবে দেখতে হবে।”

ভারত ও যুক্তরাষ্ট্রে এ ধরনের আচরণবিধি রয়েছে বলেও জানান তিনি।

‘সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে মন্ত্রীদের আচরণবিধি প্রয়োজন’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই জেষ্ঠ্য সংসদ সদস্য।

তিনি বলেন, “কেউ কেউ বলতে পারেন, মন্ত্রীদের শপথবাক্যের মধ্যেই তাদের অবস্থান স্পষ্ট করা রয়েছে। তারপরেও বলবো মন্ত্রীদের শিষ্টাচার বজায় রাখতে হবে।”

প্রধানমন্ত্রী ‘চতুরতার’ সঙ্গে লতিফের বিষয়টি এড়িয়ে গেছেন বলে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ নাকচ করেন সুরঞ্জিত।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন। সংবিধান, কার্যপ্রণালী বিধি, রুলস অব বিজনেসের নিয়মের কথা বলেছেন। আমি বুঝি না এখানে চাতুর্যের কী হল।

“আমরা আশা করেছিলাম, তারা রাজনৈতিক বিরোধিতা করবে। কিন্তু তারা সেটা করেনি।”

‘বিতর্কিত’ বক্তব্য দেয়া থেকে তারেক রহমানকে বিরত রাখতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান সুরঞ্জিত।

বিএনপির আন্দোলনের ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, “কঠোরতর আন্দোলনে করলে জনগণও কঠোরতর প্রতিরোধ করবে। আমি বলতে চাই, আন্দোলনের প্রস্তুতি না নিয়ে দল পুনর্গঠনের কঠোরতর প্রস্তুতি নেন। না হলে আগামী নির্বাচনে ক্ষতিগ্রস্ত হবেন।”

নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মুনীর চৌধুরী। অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী এতে বক্তব্য দেন।