২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ছিনতাইকারীর হামলায় সরকারি কর্মচারীর মৃত্যু

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 02:02 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

নিহত শাজাহান আলী খান (৫০) পেট্রোবাংলার ইলেকট্রিশিয়ান পদে কাজ করতেন। তিনি দিনাজপুরের চাউলাপট্রি এলাকার বাসিন্দা।

সাভার মডেল থানার এসআই কবীর হোসেন জানান, শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে শিমুলতলার সিআরপি রোডের বাড়ি থেকে কোরবানির জন্য পশু কিনতে হাটে যান শাজাহান আলী। পশু না কিনে ফেরার পথে বাড়ির কাছে তিনিসহ পাঁচজন ছিনতাইকারীদের কবলে পড়েন।

“ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।”

ছিনতাইকারীদের হামলার সময় নিহতের ছেলে ইমরান খান মিঠুনও তার সঙ্গে ছিলেন।

মিঠুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাভার বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা আমাদের গতিরোধ করে। পরে সকলকে জিম্মি করে বাবার কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। পরে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সব টাকা নিয়ে পালিয়ে যায়।”

গুরুতর অবস্থায় শাহজাহান আলীকে প্রথমে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।”