২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রডব্যান্ডেও আসছে না বিডিনিউজ২৪ডটকম

বাংলালায়ন ওয়াইম্যাক্সের পর এবার ব্রন্ডব্যান্ড ইন্টারনেট সংযোগ থেকেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না অনেক পাঠক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 07:12 PM

Updated : 25 Apr 2022, 04:45 PM

শনিবার দেশের বিভিন্ন স্থান থেকে ফোন করে পাঠকরা জানান, তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর দেখতে পাচ্ছেন না, পাতা ‘লোড’ হচ্ছে না।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তালিবুর রহমান ফোনে জানান, বৃহস্পতিবার বিকাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না।

বুয়েটের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তালিবুর বাংলালায়নের ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন।

তিনি বলেন, “বৃহস্পতিবার বাংলালায়নের সংযোগ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাইটে ঢুকতে না পেরে আমি বুয়েটের ব্রডব্যান্ড কানেকশন থেকে চেষ্টা করলাম। কিন্তু তাতেও সাইট আসেনি।

“আমি বিডিনিউজ ছাড়া অন্য কিছু পড়ি না।”

তালিবুরের প্রশ্ন, কেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাইট ব্লক করা হবে; তিনি কখন এই সাইটে খবর দেখতে পাবেন।

দুপুরে মাদারীপুর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি রিপনচন্দ্র মল্লিক ফোন করে জানান, তিনি স্থানীয় ব্রন্ডব্যান্ড সংযোগ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাতায় ঢুকতে পারছেন না।

তিনি বলেন, “আমার কয়েকজন সাংবাদিক বন্ধুও ফোন করে জানালো, তারাও তাদের ব্রন্ডব্যান্ড সংযোগ থেকে সাইটে ঢুকতে পাচ্ছেন না।”

এর আগে বৃহস্পতিবার থেকে বাংলালায়নের সংযোগ ব্যবহারকারীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাতা পাচ্ছেন না বলে জানান।

সংস্থাটির গ্রাহক সেবা কেন্দ্র থেকে জানানো হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসির) নির্দেশনা অনুযায়ী তারা সাইটটি ‘ব্লক’ করে রেখেছেন।

তবে বিটিআরসির শীর্ষ একজন কর্মকর্তা জানান, বাংলালায়নকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা তা তার জানা নেই।