শেরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ২
উপজেলা নির্বাচনের পর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হন একজন।
শেরপুর সদর থানার এসআই রবিউল ইসলাম ও এসআই জুবায়ের খালিদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত শেরপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছানুয়ার হোসেন ছানু বিজয়ী হন।
শুক্রবার সকালে তার সমর্থক হানিফ উদ্দিনকে জাতীয় পার্টি সমর্থিত পরাজিত প্রার্থী ইলিয়াছ উদ্দিনের সমর্থক আজের উদ্দিন রাস্তায় আটকিয়ে ভোটের প্রসঙ্গ তুলে মারধর করে।
এ খবর জানার পর হানিফ উদ্দিনের দুই ছেলে ফারুক মিয়া ও সোহেল মিয়া এগিয়ে এলে আজের উদ্দিন ছুরি দিয়ে পেটে আঘাত করলে ফারুক মারা যান এবং সোহেল আহত হন।
এরপর নিহতের স্বজনরা এবং গ্রামের বিক্ষুব্ধ লোকজন গণধোলাই দিলে আজের উদ্দিন (৫০) গুরুতর আহত হন।
দুপুরে শেরপুর সদর থানা পুলিশ আজের উদ্দিনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আহত সোহেল শেরপুর জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম জানান, দুজনের লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অভিযোগ পেলে এ দুই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
