কোরবানির ঈদ ৬ অক্টোবর
জিলহজ মাসের চাঁদ বৃহস্পতিবার দেখা না যাওয়ায় বাংলাদেশে আগামী ৬ অক্টোবর ঈদুল আজহা উদযাপিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান ধর্মমন্ত্রী মতিউর রহমান।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের দুদিন আগে আগামী ৪ অক্টোবর ঈদুল আজহা উদযাপিত হবে।
এর অর্থ, ৩ অক্টোবর থেকে আরাফাতের ময়দানে জড়ো হওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের। বাংলাদেশ থেকে এবার এক লাখ মানুষ হজ পালন করতে গেছেন।
ইসলামিক ফাইন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৩৫ হিজরি সনের পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।”
ফলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
কোরবানির ঈদের আগে জমতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো। ছবিটি সোমবার গাবতলী হাট থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এই ঈদের আগে বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট বসে। সেই হাট মহাসড়কে বসলে ঈদে ঘরমুখো মানুষদের যানজটের দুর্ভোগে পড়তে হয় বলে তা না করতে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।
এদিকে ঈদকে সামনে রেখে শুক্রবার সকাল থেকে কমলাপুর স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। প্রথম দিন পাওয়া যাবে ঈদের পাঁচ দিন আগের টিকিট। ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রিও ইতোমধ্যে শুরু হয়েছে।
