২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের আসনের নিচে সোয়া ৩ কোটি টাকার সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের আসনের নিচ থেকে ৫৭টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 06:21 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

বৃহস্পতিবার বিকাল পৌনে চারটায় ফ্লাই দুবাইয়ের বিমানে তল্লাশি চালিয়ে পাওয়া এসব সোনার বাজারমূল্য প্রায় তিন কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছেন বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার শাহাদাত জামিল।

এ ঘটনায় শাহ হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে।

কাস্টমস কর্মকর্তা শাহাদদাত বলেন, “কাস্টমসের তল্লাশির সময় বিমানে আসা শাহ হোসেনের দুই পায়ে অ্যাংলেট বাঁধা দেখা গেলেও তার সঙ্গে কিছু ছিল না।

“পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালিয়ে বিমানের ৩৭ নম্বর আসনের নিচ থেকে সোনার বারগুলো উদ্ধার করে।”

উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন প্রায় ৬ কেজি ৬০০ গ্রাম বলে জানান তিনি।