ট্রেনের অগ্রিম টিকিট শুক্রবার থেকে
ঈদ-পূজা সামনে রেখে শুক্রবার সকাল থেকে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।
বৃহস্পতিবার রেলওয়ের মহাপরিচালক তফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। প্রথম দিন পাওয়া যাবে ঈদের পাঁচ দিন আগের টিকিট।
“২৬ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে ১ থেকে ৫ অক্টোবরের টিকিট বিক্রি হবে। ৩ অক্টোবর পাওয়া যাবে ৭ তারিখের ফিরতি টিকিট।”
কমলাপুর স্টেশনে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার অগ্রিম টিকিট বিক্রি হবে বলেও জানান রেল মহাপরিচালক।
প্রতিবারের মতো এবারও একজন চারটির বেশি টিকিট কিনতে পারবেন না।
চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৫ থেকে ৭ অক্টোবর ঈদের সরকারি ছুটি হওয়ার কথা। তার আগে ৪ অক্টোবর রয়েছে হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমীর ছুটি।
স্বাভাবিক অবস্থায় প্রতিদিন এক লাখ ৮০ হাজার টিকিট বিক্রি হয় রেলের। ঈদ-পূজা সামনে রেখে প্রতিদিন সব ট্রেন মিলিয়ে দুই লাখ ৫০ হাজার টিকিট বিক্রি করা হবে।
