নওগাঁয় বেড়ি বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত
উজানের ঢলে নওগাঁয় আত্রাই নদীর পূর্ব তীরের রানীনগর উপজেলার তিনটি স্থানে বেড়ি বাঁধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন খান জানান, বুধবার সকালে উপজেলার মালঞ্চী গ্রামের বেড়ি বাঁধের মালঞ্চী, নান্দাইবাড়ি, কৃষ্ণপুর পয়েন্টে ১৫০ ফুট ভেঙে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
প্রায় দুই শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। সেইসঙ্গে সদ্য রোপন করা আমন ও সব্জিসহ প্রায় এক হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে।
এছাড়া সকাল থেকে নওগাঁ শহরের ফ্লাড ওয়ালের আউটলেট দিয়ে শহরের ভেতর পানি প্রবেশ করতে শুরু করেছে। শহরের কেড়ির মোড়, প্রেস ক্লাব এলাকা, উকিল পাড়া, বাঙ্গাবাড়িয়া, বিহারী কলোনীসহ বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে।
দুপুরে স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, উপজেলা চেয়ারম্যান আল ফারুক জেমস, উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।
মুক্তার হোসেন খান বলেন, নওগাঁর পোল্ডার সি বাঁধের মান্দা ও আত্রাই অংশে সাতটি পয়েন্ট ও নওগাঁ শহর রক্ষা বাঁধের আটটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছ। যে কোনো মুহূর্তে ওই সকল স্থানে বাঁধ ভেঙে যাওয়ার আশংকা করা হচ্ছে।
তবে ওইসব স্থানে সংস্কার কাজ চলছে বলে জানান তিনি।
পানি উন্নয়ন বোডের্র নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, নওগাঁর ভেতর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর পানি লিটন ব্রিজ পয়েন্টে বিপদ সীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে, আত্রাই নদীর পানি মান্দা ব্রিজ পয়েন্টে ১০ সেন্টি মিটার ও আত্রাই রেল স্টেশন পয়েন্টে ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
