২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে প্রয়াত সাংসদের ভাতিজা গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে একাধিক মামলার আসামি ফরহাদুল আনোয়ারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ, যিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের ভাতিজা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 10:26 AM

Updated : 22 Aug 2022, 07:11 PM

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে নগরীর ফিশারিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলেবলে গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা জানান।

গ্রেপ্তার ফরহাদুল প্রয়াত আওয়ামী লীগ নেতা রফিকুলের ছোট ভাই ফরিদুল আনোয়ারের ছেলে।

“ফরহাদুলের বিরুদ্ধে নগরীর বায়েজিদসহ জেলার বিভিন্ন থানায় অস্ত্রসহ মোট আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ফটিকছড়িতে কয়েকজনকে গুলি করার অভিযোগও রয়েছে,” বলেন এই পুলিশ কর্মকর্তা।

এর আগে গত ১৯ অগাস্ট বায়েজিদ এলাকার নয়াহাটে ফরহাদুলের গাড়ি থেকে একটি শর্টগান ও ২০ রাউন্ড গুলিসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই দিন গাড়িতে থাকলেও ফরহাদুল পালিয়ে যান বলে তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়।  

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রয়াত নেতা রফিকুল আনোয়ার ১৯৯৬ ও ২০০১ সালে ফটিকছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত বছর তিনি মারা যান।