২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত বর্জন করে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিয়ে সংবিধান সংশোধনের প্রতিবাদে উচ্চ আদালতে বর্জন কর্মসূচি পালন করছে বিএনপিপন্থী আইনজীবীদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2014, 03:52 PM

Updated : 13 Oct 2022, 12:36 PM

সোমবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি কক্ষের সামনে আইনজীবীরা জড়ো হয়।

পরে তারা অ্যাটর্নি জেনারেল ভবন ও আদালত ভবনে যাওয়ার তিনটি গেটে তালা লাগিয়ে দেয়।

এ সময় বিএনপিপন্থী ওই আইনজীবীরা মিছিল নিয়ে ভবনের বিভিন্ন করিডোর প্রদক্ষিণ করে ভবনের নিচতলার গেটের সামনে অবস্থান নেয়। প্রদর্শন করে বিক্ষোভ।

সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে ষোড়শ সংশোধন বাতিল করার দাবি জানিয়ে বক্তারা বলেন, এই সংশোধনের মধ্যদিয়ে বিচার বিভাগের ওপর সরকারের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পেল।

গত শনিবার এই বর্জন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ বার কাউন্সিল।

বার কাউন্সিলের চেয়ারম্যান পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল হলেও বর্তমান কাউন্সিলে বিএনপি সমর্থক আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠ।

কাউন্সিলের সদস্য মাহবুবউদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরও সম্পাদক, যিনি বিএনপির অন্যতম যুগ্মমহাসচিব এবং সাবেক সংসদ সদস্য। 

এদিকে ঢাকার নিম্ন আদালতে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করেছেন বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল এবং বিএনপি সমর্থিত আইনজীবীদের কলম বিরতিতে ঢাকার নিম্ন আদালতের কার্যক্রমে দৃশ্যত অচলাবস্থার সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমের আদালত প্রতিবেদক প্রকাশ বিশ্বাস জানিয়েছেন, ঢাকার মহানগর দায়রা জজ, জেলা জজ, মুখ্য মহানগর হাকিমের আদালত, মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারকরা এজলাসে বসলেও আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপস্থিতি কম দেখা গেছে।

শুনানির জন্য সময় চাওয়া হলে তা মঞ্জুরের হারই এদিন বেশি ছিল বলে জানা গেছে।

দুপুর ১২টা পর্যন্ত ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের কোর্ট হাজতে মাত্র ২টি আসামি বহকারী প্রিজন পৌঁছেছে বলে জানান কোর্ট হাজতের ওসি উপ-পরিদর্শক মুরাদ হোসেন।

তিনি বলেন, “ঢাকার ৪৯টি থানা থেকে সব প্রিজন ভ্যান পৌঁছাবে কিনা তা বলতে পারছি না।”

ওদিকে বেলা ১২টার দিকে হরতাল ও আইনজীবীদের কলম বিরতির বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে মিছিল করেছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।