বসুন্ধরা পেপার মিলে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরায় বসুন্ধরা পেপার মিলে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে আগুন ধরে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের ধোঁয়ায় মিলের অন্তত ১৩ শ্রমিক অসুস্থ হলে স্থানীয় বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হয়।
মিলের জেনারেল ম্যানেজার সাদ তানভীর সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধোঁয়ায় তাদের কয়েকজন অসুস্থ হলেও চিকিৎসা নিয়ে ফিরে এসেছে।
এছাড়া কী পরিমাণ সম্পদ ক্ষতি হয়েছে এবং আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি নিশ্চিত কিছু জানাতে পারেননি।
তবে, ফায়ার সার্ভির্সের উপসহকারী পরিচালক মমতাজ উদ্দিন বলেন, ভেতরে ওয়েল্ডিং করার সময় আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা।
দ্রুত আগুন নেভানোর ফলে অন্তত ১০ কোটি টাকার সম্পদ রক্ষা পেয়েছে বলে দাবি করছেন তিনি।
তিনি জানান, আগুনে বসুন্ধরা টয়লেট পেপার, সেনিটারি নেপকিন, বিভিন্ন সামগ্রী, মড়ক ও কিছু মেশিন পুড়ে গেছে।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, সকাল সোয়া ৯টার দিকে প্রথমে মিলটির গুদামে আগুন লেগে তা কারখানায় ছড়িয়ে পড়ে। মিলটির নিজস্ব ব্যবস্থায় প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
কিন্তু আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে কুমিল্লার দাউদকান্দি ফায়সার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাতেও নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঢাকার ডেমরা থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। এরপরও আগুন নিয়ন্ত্রণে না এলে নারায়ণগঞ্জের বন্দর ফায়ার স্টেশন থেকে আরও একটি ইউনিট যোগ দেয়।
এদিকে হতাহতে আশংকায় দাউদকান্দি ফায়ার স্টেশন থেকে একটি অ্যাম্বুলেন্স এনে প্রস্তুত রাখা হয় আগে থেকে। পরে অসুস্থ শ্রমিকদের ওই অ্যাম্বুলেন্সে করে হাসাপতালে পাঠানো হয়। তারা এখন শঙ্কামুক্ত।
ওসি আরো জানান, আহতদের মধ্যে রয়েছেন মো. আশ্রাফ (৪০), মো. হাবিব (৩৫), নূর মোহাম্মদ (২০), লিটন (৩৫), হাসান আলী (২৪), শাকিল (৪০), আল আমিন (২৪), গাজী আলম (৩৫), মশিউর রহমান (২৪), মো. আফতাব উদ্দিন (৪৮), মোজাম্মেল হক (২২), ইকবাল হোসেন (৪৫) ও মো. রাজিব।
