২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হরতালে বোমাবাজি

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ডাকা হরতালে সিলেটে ঝটিকা মিছিল নিয়ে বোমাবাজি করেছে জামায়াতে ইসলামীর কর্মীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2014, 09:26 AM

Updated : 25 Apr 2022, 04:43 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে সিলেটে মহানগর ছাত্রশিবিরের কিছু কর্মী নগরীর দরগাগেইট এলাকায় ঝটিকা মিছিল বের করে।

তারা মিছিল নিয়ে বিমানবন্দর সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে এবং কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।

এছাড়া নগরীতে বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ জানান।

তিনি বলেন, বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল থেকে দূরপাল্লার পরিবহনগুলো বন্ধ থাকলেও নগরীর সড়কগুলোতে অটোরিকশা ও রিকশা চলাচল করছে স্বাভাবিকভাবে।

সিলেট রেলওয়ে স্টেশন থেকে সব ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানিয়েছেন স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাঈদীর আপিলে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় হয় গত ১৭ সেপ্টেম্বর। এরপর তার মুক্তি দাবিতে বৃহস্পতি ও রোববার সারা দেশে মোট ৪৮ ঘণ্টার এই হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।