অস্ত্র উদ্ধারে গিয়ে আহত ৫ পুলিশ
ঢাকার সাভার উপজেলায় একটি বস্তিতে অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের হামলায় পুলিশের সহকারী সুপার ও পরিদর্শকসহ পাঁচ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে আউখপাড়া এলাকায় আদর্শ গ্রামের বস্তিতে এ অভিযানে পুলিশ অস্ত্র-গুলিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
এ সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনাও ঘটে।
গ্রেপ্তাররা হলেন আশুলিয়ার বেলমার জয়নাল আবেদিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), আইখপাড়ার আবুল হোসেনের ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু (৫১), আলী হোসেনের ছেলে আনিছুর রহমান রতন (৪৪), মৃত জনাব আলীর ছেলে জসিম মাস্টার (৪২) ও চান্দু হাওলাদারের ছেলে আবুল হোসেন ওরফে আইজ উদ্দিন (৫০)।
অভিযানে উদ্ধার করা হয় ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসা।
অভিযানে নেতৃত্বদানকারী সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে গোপন খবর পাওয়া যায় যে, আউখপাড়া বস্তিতে অস্ত্র বিক্রির টাকা লেনদেন হবে।
এ সংবাদ পেয়ে অস্ত্র উদ্ধারের জন্য ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি অফিস কক্ষ থেকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তখন পুলিশও পাল্টা পরপর পাঁচ রাউন্ড গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এএসপি রাসেল বলেন, এ সময় দুর্বৃত্তদের হামলায় তিনিসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
আহত অন্যরা হলেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহীন শাহ পারভেজ, উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম, আশরাফুল আলম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফকরুল ইসলাম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এএসপি রাসেল আরো জানান, গ্রেপ্তার নুরুল ইসলাম ওরফে নুরুর অফিসকক্ষ তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
