২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ দেখে ফেলায় বাগেরহাটে ২ শিশুকে হত্যা

ধর্ষণের ঘটনা দেখে ফেলায় সাক্ষী না রাখতে দুই শিশুকে হত্যার কথা স্বীকার করেছেন বাগেরগটের মোরেলগঞ্জের এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 06:37 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

বাচ্চু মৃধা (৪০) নামে ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে এই স্বীকারোক্তি দেন বলে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানিয়েছেন।

দুই ভাই মীরাজুল হাওলাদার (১০) ও রিয়াজুল হাওলাদারের (৮) লাশ শুক্রবার বিকালে বাড়ির পাশের একটি চিংড়ি ঘের থেকে পাওয়ার পর তাদের বাবা প্রতিবেশী বাচ্চু মৃধার বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলায় শুক্রবার রাতে গ্রেপ্তারের পর বাচ্চু মৃধা পুলিশের কাছে স্বীকার করেন, শিশু দুটির দাদিকে ধর্ষণের সময় দেখে ফেলায় তাদের পানিতে ডুবিয়ে হত্যা করেন তিনি।      

বারেক মৃধার ছেলে বাচ্চু মৃধার বাড়ি মোরেলগঞ্জের পায়রাতলা গ্রামে,  একই গ্রামে তার পাশের বাড়ির বাসিন্দা প্রতিবেশী লোকমান হাওলাদার বাবু।

পুলিশ জানিয়েছে, শিশু দুটির লাশ উদ্ধারের পর তাদের বাবা লোকমান বাদী হয়ে প্রতিবেশী বাচ্চু মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলণা করেন। এরপর রাতেই খুলনার রূপসা এলাকায় অভিযান চালিয়ে বাচ্চুকে গ্রেপ্তার করা হয়।

বাচ্চুকে গ্রেপ্তারের পর অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম মোরেলগঞ্জ থানায় যান। সহকারী পুলিশ সুপার এনামুল হক মিঠু এবং মোরেলগঞ্জ থানার ওসি আসলাম খানকে সঙ্গে নিয়ে আসামিকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তিনি।

বাচ্চুকে উদ্ধৃত করে হায়াতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লোকমানের মা বৃহস্পতিবার রাতে তার দুই নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন, তখন লোকমান ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না।

“এই সুযোগে বাচ্চু মৃধা বাড়িতে ঢুকে লোকমানের মাকে ঘুম থেকে ডেকে তুলে ঘুমের ওষুধ মেশানো জুস খেতে দেয়। তিনি অচেতন হয়ে পড়লে বাচ্চু তাকে ধর্ষণ করেন। পাশে থাকা দুই সহোদর ঘুম থেকে জেগে সেই দৃশ্য দেখে ফেলে। তখন বাচ্চু তাদের দুজনকে ধরে বাইরে নিয়ে পাশের একটি ডোবার পানিতে চুবিয়ে হত্যার পর লাশ দুটি চিংড়ি ঘেরে ফেলে দেয়।”

পুলিশ জানিয়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য বাচ্চু মৃধাকে রোববার আদালতে হাজির করা হবে।

এদিকে শনিবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর শিশু দুটির লাশ তাদের পরিবারকে দেওয়া হয়েছে।