ঢাবি ‘ক’ ইউনিটে প্রতি আসনে লড়বে ৫০ জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৭৬টি কেন্দ্রে এ পরীক্ষা হবে।
বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য মতে, এই ইউনিটে এক হাজার ৬৪০টি আসনের বিপরীতে ৮০ হাজার ৪৪২ ভর্তিচ্ছু আবেদন করেছেন।
অর্থাৎ প্রতি আসনের জন্য প্রায় ৫০ জন শিক্ষার্থীকে প্রতিযোগিতা করতে হবে।
গত ৫ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ব্যবসায় শিক্ষা অনুষদের আটটি বিভাগে এবার এক হাজার ১৭০ আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৪৯ হাজার ৪৭৬টি।
প্রথম দিন এসএমএসের মাধ্যমে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কয়েকটি কেন্দ্র থেকে আটজনকে আটক করা হয়। পরে রাতেই তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়।
একইদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আরও আটজনকে আটক করা হয়।
একই সময়ে আজিমপুরের একটি বাসায় অভিযান চালিয়ে ল্যাপটপ ও আইপ্যাডের মাধ্যমে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসে উত্তর পাঠানোয় জড়িত তিনজনকে আটক করে পুলিশ।
