বরিশালে ধরা পড়েছে অজগর
বরিশালের গৌরনদী পৌর এলাকায় একটি অজগর ধরা পড়েছে।
বুধবার কাছেমাবাদ গ্রামের একটি বাঁশ বাগান থেকে অজগরটি ধরা হয়। পরে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম বাবুল জানান, কাছেমাবাদ গ্রামের বাচ্চু খান দুপুরে নিজ বাড়ির আঙ্গিনায় বাঁশ কাটতে গিয়ে অজগরটি দেখতে পান।
তাৎক্ষণিকভাবে স্থানীয় সাপুড়ে আকবর আলীকে খবর দেয়া হলে তিনি এসে অজগরটি আটক করেন।
এ ব্যাপারে গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে অজগরটি থানায় নিয়ে আসে। পরে একটি সাধারণ ডায়েরি করে অজগরটি বন বিভাগকে বুঝিয়ে দেয়া হয়।
গৌরনদী উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্রনাথ হালদার জানান, অজগরটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন ৩০ কেজি।
এটিকে খুলনা বন্যপ্রাণী অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে সেখান থেকে এক কর্মকর্তা গৌরনদীর উদ্দেশে রওয়ানা হয়েছেন বলে জানান তিনি।
