২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় স্কেলে বেতন-ভাতা চান ইবতেদায়ীর শিক্ষকরা

ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয় স্কেলে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 12:47 PM

Updated : 25 Apr 2022, 04:40 PM

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সভাপতি এস এম জয়নুল আবেদীন জেহাদী সারা দেশের ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে এই দাবি তুলে ধরেন।

তিনি বলেন, পাঁচ হাজার ৩২৯টি ইবতেদায়ী মাদ্রাসার ২৬ হাজার ৬৪৫ জন শিক্ষক কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা পান না।

আর এক হাজার ৫১৯টি মাদ্রাসার সাত হাজার ৫৯৫ জন শিক্ষক প্রতি মাসে ১২০০ টাকা করে সরকারি অনুদান পান।

গত বছরের ৯ জানুয়ারি ২৬ হাজার ২০০ নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সব বিদ্যালয় ইতোমধ্যে জাতীয়করণের আওতায় এসেছে।

এই পরিসংখ্যান তুলে ধরে জয়নুল আবেদীন বলেন, রেজিস্টার্ড বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হলেও ছয় হাজার ৮৪৮টি ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারি করা হয়নি।

আগামী ডিসেম্বরের মধ্যে একটি নীতিমালা চূড়ান্ত করে এসব ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয় স্কেলে অন্তর্ভুক্ত করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমান সুযোগ-সুবিধা দেয়ার দাবি জানান এই শিক্ষক নেতা।

এছাড়া ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে স্থায়ী নিবন্ধন দেয়ারও দাবি জানান জয়নুল।

এসব দাবি আদায়ে আগামী ১৫ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ২০ ডিসেম্বর একই স্থানে অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব মো. শামসুল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৮৪ সালের ১ জানুয়ারি সরকারের অনুমোদন সাপেক্ষে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মঞ্জুরি নিয়ে ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রসা প্রতিষ্ঠা করা হয়।

এর মধ্যে ১১ হাজার ১৫২টি মাদ্রাসা বিলুপ্ত হয়েছে গেছে জানিয়ে শামসুল আলম বলেন, সরকারি হিসাবে ছয় হাজার ৮৪৮টি ইবতেদায়ী মাদ্রাসা চালু আছে।

শিক্ষক নেতাদের মধ্যে আব্দুর রহমান, আব্দুস ছাত্তার, তমিজ উদ্দিন, গোলাম আজম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।