বেনাপোলে ১১৭ কেজি চন্দন কাঠ জব্দ
ভারত থেকে পাচার হওয়া ১১৭ কেজি ভারতীয় ‘রক্ত চন্দন’ কাঠসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
মঙ্গলবার দুপুরে বেনাপোল বাজারের পুরাতন পৌরসভা ভবনের সামনে থেকে এসব জব্দ করা হয়।
২৬ বিজিবি বেনাপোল সদর কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব কাঠের চালান বাংলাদেশে এনে প্রাইভেট কারযোগে বেনাপোল বাজার থেকে ঢাকার উদ্দেশে নেওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবির টহল দল পুরাতন পৌরসভার সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-৫৪৪৩) আটক করে।
“পরে প্রাইভেট কারটিতে তল্লাশি করে ১৭৭ কেজি রক্ত চন্দন কাঠ পাওয়া যায়।”
জব্দ কাঠ ও প্রাইভেট কার বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।
জব্দ চন্দন কাঠের আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা এবং কারের মূল্য ২৫ লাখ টাকা বলেও জানান তিনি।
