আবের আমন্ত্রণে জাপান যাচ্ছেন স্পিকার
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আগামী বৃহস্পতিবার রাতে স্পিকার জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে তার একান্ত সচিব কামাল বিল্লাহ জানিয়েছেন।
গত ২০ মে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদাশিমো স্পিকারকে তার দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পৌঁছে দেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি
কামাল বিল্লাহ বলেন, “নারীর ক্ষমতায়নের মডেল এবং এ বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে জাপান সরকার স্পিকারকে এই আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের নারীর ক্ষমতায়নের অভিজ্ঞতাকে জাপান কাজে লাগাতে চায়। সেই লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।”
সফরে জাপানের প্রধানমন্ত্রী এবং জাপান পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব কাউন্সিলরস এবং নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকারের সঙ্গে শিরীন শারমিন সাক্ষাৎ করবেন বলে জানান তার একান্ত সচিব।
সফর শেষে আগামী ১৬ সেপ্টেম্বর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
