সিরাজগঞ্জে ট্রাক চাপায় নিহত ২
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি বালু বোঝাই ট্রাক চাপায় দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চালা বাসস্ট্যান্ড এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে বেলকুচি থানার এসআই আমিরুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গুরুপদ ও প্রকাশ মাছ বিক্রি করতে ভ্যানে করে শেরনগর থেকে চালা বাজারে যাচ্ছিলেন। পথে সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী দ্রুত গতির বালু ভর্তি ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ওই দুই জেলে নিহত হন।
এ ঘটনায় আহত ভ্যান চালককে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে এসআই আমিরুল জানিয়েছেন।
