২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি মসজিদের জায়গা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১২জন গুলিবিদ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 01:14 AM

Updated : 22 Aug 2022, 07:04 PM

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোগলের হাটে মোগলের বাড়ি জামে মসজিদের জমি নিয়ে এ সংঘর্ষ হয়।

ঘটনায় গুলিবিদ্ধ ১২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এরা হলেন-বখতেয়ার (২৫), কাঞ্চন (১৮), সেকান্দার (২০), জসিম (২৬), সিদ্দিক (২২), ইউসুফ (২৮), রাহাত (২৭), হান্নান (২৫), রোমেল (১৯), আমীর হোসেন (১৯), মহসিন (১৮) ও রাশেদ (১৭)।

রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালিউল্লাহ অলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে মসজিদের জায়গা নিয়ে পার্শ্ববর্তী দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দুইপক্ষের ছোঁড়া ছররা গুলিতে আট-দশজন আহত হয়েছেন।

তিনি বলেন, “মসজিদ লাগোয়া ওই জায়গাটি নিয়ে আগে থেকেই দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল।”

রাতের বেলা কে বা কারা গুলি করেছে এ বিষয়ে নিশ্চিত নন উল্লেখ করে ওসি বলেন, “পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। কাউকে গ্রেপ্তারও করা যায়নি।”

স্থানীয়রা জানান, একপক্ষ মসজিদ সংলগ্ন দুটি দোকানও ভাংচুর করেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, হাসপাতালে ভর্তি ১২জনের গায়েই ছররা গুলি লেগেছে।