২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক বহিষ্কার

ক্যাম্পাসে অস্ত্র প্রশিক্ষণের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যু্গ্ন আহ্বায়ক সজিবুল ইসলাম সজিবসহ দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 10:06 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

Image
ফাইল ছবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

ফাইল ছবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সজিব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২য় বর্ষের এবং তার সহযোগী সালাউদ্দিন একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান জানান, ইবি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলাম সজিব ক্যাম্পাসের ভেতরে অস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তুলেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওই দুজনকে সাময়িকভবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযুক্ত দুজনকে আগামী ১৫ দিনের ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর পর তাদের স্থায়ী বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের কথাও জানান তিনি।

২০১৩ সালের ১৭ জানুয়ারি পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ‘ফিল্মি স্টাইলে’ ছাত্রদল কর্মীদের ওপর গুলি ছুড়ে পত্রিকার শিরোনাম হন সজিব।