২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা প্রত্যাহারে মন্ত্রণালয়ের সুপারিশ আদালতে নাকচ

একটি হত্যামামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ গ্রহণ করেনি চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 08:15 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

সোমবার চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ সুপারিশ না মঞ্জুর করে বিচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানান।

ওই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলা প্রত্যাহার বিষয়ক আবেদনের শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেছেন।

“আগামী ১৪ সেপ্টেম্বর ‍মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন থেকে আবার বিচার কাজ শুরু হবে।”

ছাত্রদলকর্মী আজাদ আলী খান হত্যাকাণ্ডের এই মামলায় ১০ আসামি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

১৯৯৬ সালের ৯ এপ্রিল নগরীতে মিছিল নিয়ে সমাবেশে যাওয়ার সময় গুলি চালিয়ে হত্যা করা হয় আজাদকে। এরপর তার ছোট ভাই সেলিম খান বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আসামিরা হলেন- যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী, সুনীল দে, মফিজুর রহমান দুলু, সুরজিত বড়ুয়া, উৎপল কুমার চৌধুরী, ইফতেখার, জাফর উল্লাহ, শাহনেওয়াজ, হুমায়ন কবির ও ‍হাফিজুর রহমান।

Image
।

।

২০০৩ সালে মামলাটি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এরপর আসামি পক্ষ মামলাটিতে স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে যায়।

উচ্চ আদালতের আদেশে মামলাটি স্থগিত হয়েছিল। এরপর ২০০৯ সালে এ মামলার স্থগিতাদেশ প্রত্যাহারও হয়। কিন্তু স্থগিতাদেশ প্রত্যাহারের এ আদেশ চট্টগ্রামের দ্রুত বিচার আদালতে এসে পৌঁছে চলতি বছরের ২৫ অগাস্ট।

এর মধ্যে ২০১৩ সালের সেপ্টেম্বরে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় মামলাটি প্রত্যাহারের আবেদন করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালতে পৌঁছানোর পর গত রোববার দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান মামলা প্রত্যাহারের আবেদন করেছিলেন।