২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌনপল্লীতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া যৌনপল্লীতে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন আরও একজন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 10:12 AM

Updated : 25 Apr 2022, 04:39 PM

নিহত রিপন মণ্ডল (২২) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাজার এলাকার বাসিন্দা এবং ঢাকার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার বাবার নাম মোহন মণ্ডল।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আবদুল খালেক জানান, রোববার ভোর রাতের দিকে দৌলতদিয়া ইউনিয়নে যৌনপল্লীর কল্পনা বাড়িওয়ালীর বাড়ির পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

আহত ফরিদ (২৬) দৌলতদিয়া ইউনিয়নের আবদুল কাদেরের ছেলে।

তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, রাত প্রায় ৩টার দিকে যৌনপল্লীর কল্পনা বাড়িওয়ালীর বাড়ির পাশে রাস্তায় একদল দুর্বৃত্ত রিপন ও ফরিদকে গুলি করে। মাথায় ও বুকে গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই মারা যান রিপন।

ভোরের দিকে ঘটনাস্থলে থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। অবশ্য হত্যার কারণ এখনও জানা যায়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি খালেক জানান, হত্যার কারণ ও কারা তাকে গুলি করে হত্যা করেছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।