২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আ. লীগ নেতা খুন, আটক ৪

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 10:30 AM

Updated : 22 Aug 2022, 07:02 PM

নিহত মোজাম্মেল হোসেন ওরফে মোজাম সিকদার (৫০) নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম খান জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে একই ইউনিয়নের জিউধরা গ্রামে মোজাম্মেলের ওপর হামলা হয়। রাতেই হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় আটকরা হলেন- জিউধরা গ্রামের গফুর তালুকদারের ছেলে তালুকদার নুরুল ইসলাম (৫৮) ও তার ভাই কাদের তালুকদার (৫৫), সোহরাব হোসেন মৃধার ছেলে মৃধা রেজাউল করিম (২৮) এবং আসমত আলী মৃধার ছেলে শাহজাহান মৃধা (৫৪)।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে বৃহস্পতিবার সকালে তাদের ধরা হয় বলে জানান ওসি।

নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে জিউধরা মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন মোজাম্মেল। পথে নির্জন স্থানে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে সেখানেই তার মৃত্যু হয়।

নিহতের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা আসলাম বলেন, “নিহতের পরিবার দাবি করেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন মোজাম্মেলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।"

নিহতের বড় ছেলে হাসান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮০ একর জমি নিয়ে আট বছর ধরে তাদের সঙ্গে প্রতিবেশী শাহজাহান ও রেজাউলসহ বেশ কয়েকজনের বিরোধ চলে আসছে।

“এই জমি নিয়ে বিরোধের জের ধরে রাতের অন্ধকারে তারা বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।”

মৃত্যুর আগে মোজাম্মেল ওই চারজনসহ পাঁচজনের নাম বলে গেছে বলে দাবি করেন তিনি।

ওসি আসলাম জানান, আটকদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।