সংবিধান সংশোধন বিল ‘আগামী সপ্তাহে’
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনের প্রস্তাব আগামী সপ্তাহে সংসদে উঠছে।
মঙ্গলবার ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ সংসদ সচিবালয়ে এসেছে,যার একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।
কোনো বিচারপতির অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে ‘তদন্ত ও প্রমাণ’ আইন করে সংসদ নিয়ন্ত্রণ করার শর্ত সংশোধিত প্রস্তাবে রাখা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, আইনমন্ত্রী আগামী ৭ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন।
সংসদে ওঠার পর এটি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে সংসদীয় কমিটির প্রতিবেদনের পর সংসদে পাসের জন্য উপস্থাপিত হবে বিলটি।
এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনমন্ত্রী চাইলে রোববার (৭ সেপ্টেম্বর) অথবা সোমবার (৮ সেপ্টেম্বর) বিলটি সংসদে উত্থাপন হবে।”
সংসদের এই অধিবেশনেই বিলটি পাস হবে বলেও জানান তিনি।
গত ১৮ অগাস্ট সংবিধানের ১৬তম সংশোধনী সংক্রান্ত বিল মন্ত্রিসভার অনুমোদন পায়।
এর পরপরই আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, সংসদের চলমান অধিবেশনে বিলটি পাসের সম্ভাবনা রয়েছে।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার প্রস্তাবে বিরোধিতা করে বিএনপি বলেছে, “একদলীয় শাসন পোক্ত করতে আওয়ামী লীগ সংবিধান সংশোধন করছে।”
আর সংসদের বিরোধীদল জাতীয় পার্টি এর বিরুদ্ধে অবস্থান নেয়ার সিদ্ধান্তের কথা ইতোমধ্যে জানিয়ে দিয়েছে।
১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় উচ্চ আদালতের বিচারকদের পদের মেয়াদ নির্ধারণ ও তাদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল। ১৯৭৪ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়।
চতুর্থ সংশোধনী বাতিল হলে জিয়াউর রহমানের সামরিক সরকারের আমলে এক সামরিক আদেশে বিচারপতিদের অভিশংসনের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়।
২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনীর সময়ে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়া নিয়ে আলোচনা ওঠে। যদিও তখন সেটি করা হয়নি।
পরে ২০১২ সালে তৎকালীন স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের একটি রুলিংকে কেন্দ্র করে কয়েকজন সংসদ সদস্য হাই কোর্টের একজন বিচারপতিকে অপসারণের দাবি তোলেন।
প্রস্তাবিত এই সংশোধনীতে বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান বাতিল করা হয়েছে। পরিবর্তে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে বিলটি মন্ত্রিসভায় পাস হওয়ার পরপরই বিচারপতিদের সমমর্যাদার সাংবিধানিক পদধারীদের অপসারণ নিয়ে অস্পষ্টতা দেখা দেয়।
এতে বলা হয়েছে, সংবিধানের ১১৮, ১২৯ ও ১৩৯ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষেত্রে যেসব কারণ উল্লেখ রয়েছে, সেগুলো ছাড়া সাংবিধানিক পদধারীদের অপসারণ করা হবে না।
অর্থাৎ নির্বাচন কমিশন, সরকারী কর্ম কমিশন এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিষয়ে বিলটি কার্যকর হবে না।
বিচারপতি সমমর্যাদার পদধারীদের অপসারণের বিষয়টি সংসদে উত্থাপন করা হবে না বলেও জানিয়েছিলেন আইনমন্ত্রী।
সংশ্লিষ্টরা জানান, বিলটি উত্থাপনের পর সংসদের এ সংক্রান্ত স্থায়ী কমিটিতে সার্বিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হবে। প্রয়োজনে কিছু সংযোজন-পরিমার্জন করে সুপারিশ রাখতে পারে কমিটি।
সংসদ সচিবালয়ের আসা বিলে বর্তমান সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে বলা হয়েছে, “বিচারকদের পদের মেয়াদ-(১) এই অনুচ্ছেদের বিধানবলী সাপেক্ষে কোন বিচারক সাতষট্টি বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন।
“(২) প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত বিচারককে অপসারিত করা যাইবে না।”
“এই অনুচ্ছেদের (২) দফার অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোন বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করিবেন। (৪) কোন বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করিতে পারিবেন।”
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৭ এর বিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং তাহাদের পক্ষে এ ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে।
“ইহার প্রতিফলনে ১৯৭২ সালে প্রণীত সংবিধানে রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত রাষ্ট্রপতিকে সংসদ কর্তৃক অভিশংসনের মাধ্যমে অপসারণ (অনুচ্ছেদ ৫২), সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারাইলে প্রধানমন্ত্রীর পদত্যাগ (অনুচ্ছেদ ৫৭), সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সমর্থিত প্রস্তাবের মাধ্যমে স্পিকারকে অপসারণ (অনুচ্ছেদ ৭৪) এবং সংসদের মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সমর্থিক প্রস্তাবের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের বিধান (অনুচ্ছেদ ৯৬) ছিলো।”
“রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারকে যথাক্রমে অভিশংসন, পদত্যাগ ও অপসারণ সম্পর্কিত পূর্ববর্তী বিধান অদ্যাবধি অপরিবর্তিত থাকলেও সমারিক শাসক কর্তৃক অসাংবিধানিক পন্থায় সমারকি ফরমান ‘সেকেন্ড প্রোক্লামেশন (ফিফথ অ্যামেন্ডমেন্ট) অর্ডার-১৯৭৮’ এর ‘সেকেন্ড শিডিউল’ দ্বারা সুপ্রিম কোর্টের কোন বিচারকের অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগে সংসদ কর্তৃক অপসারণের বিধান পরিবর্তনক্রমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অপর দুইজন প্রবীণ বিচারকের সমন্বয়ে গঠিত সপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের উপর ন্যস্ত করা হয়, যা সংবিধানের অনুচ্ছেদ ৯৭ এর চেতনা পরিপন্থী। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বরা গঠিত সংসদে রাষ্ট্রের অন্যান্য অঙ্গের ন্যায় উচ্চ আদালতের বিচারকদের জবাবদিহিতার নীতি বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে বিদ্যমান রয়েছে।”
“বিলটি আইনে পরিণত হলে স্বাধীন বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধির পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধির কাছে উহার জবাবদিহিতা থাকা সংক্রান্ত সংবিধানের মৌলিক কাঠামো সমুন্নত থাকবে মর্মে আশা করা যায়।”
