আবের সফর নিয়ে উচ্চাশা জাপানি সাময়িকীতে
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আসন্ন বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরে দেশগুলোর সঙ্গে তাদের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বলে টোকিওভিত্তিক একটি সাময়িকী বলেছে।
পাশাপাশি গুরুত্বের দিক থেকে এশিয়ার শীর্ষ দেশগুলোর একটি হিসেবে জাপানের অবস্থান সংহত হবে বলে মনে করে জাপানের অর্থনৈতিক সাময়িকী নিক্কেই এশিয়ান রিভিউ।
আগামী ৬ সেপ্টেম্বর ২৪ ঘণ্টার সফরে আবে ঢাকা আসছেন বলে এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। বাংলাদেশ সফর শেষ করে তিনি শ্রীলঙ্কায় যাবেন বলে নিক্কেই জানিয়েছে।
আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বরের এই সফরে বাণিজ্য ও নির্মাণ থেকে শুরু বিভিন্ন পণ্যের ৪০টি কোম্পানি নির্বাহীরা প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন বলে সাময়িকীটি জানায়।
গত ১৪ বছরে এটাই হবে বাংলাদেশে কোনো জাপানি প্রধানমন্ত্রীর প্রথম সফর। আর জাপানি প্রধানমন্ত্রী হিসেবে দুই যুগ পর শ্রীলঙ্কায় যাবেন আবে।
জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা সোমবার প্রধানমন্ত্রীর সফর সূচি ঘোষণা করেন।
সফরে বঙ্গোপসাগরের কাছে শিল্পাঞ্চল গড়ে তোলাসহ বিদ্যুৎ গ্রিড ও সড়কের মতো অবকাঠামো খাতে জাপানি সহায়তা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আবের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
২০১৫ সাল থেকে পরবর্তী চার থেকে পাঁচ বছরে বাংলাদেশের উন্নয়নের জন্য ৫৭১ কোটি ডলার সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে জাপানের।
ফাইল ছবি
এর আগে সাময়িকীটির একটি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী জাপান।
আবের এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রে ‘সমন্বিত অংশীদারিত্ব’ আরো বিস্তৃত ও গভীর করার ইঙ্গিত বলে মনে করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত মে মাসে শেখ হাসিনার জাপান সফরের পর গঠিত বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামেও বক্তব্য রাখবেন আবে।
দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ টানতে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, এফবিসিসিআই ও জাপান বৈদেশিক বাণিজ্য সংস্থা (জেইটিআরও) যৌথভাবে ওই সভার আয়োজন করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
শেখ হাসিনার জাপান সফরেই দুই দেশের সম্পর্কে ‘নতুন যুগের’ সূচনার কথা বলেন উভয় দেশের নেতারা। তখনই স্বল্প সময়ের মধ্যে ঢাকা আসবেন বলে জানান আবে।
স্বাধীনতার পরপর ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে টোকিওর সঙ্গে ঢাকার কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার হয়ে ওঠে দেশটি।
স্বল্প সুদে ঋণ, কারিগরি সহযোগিতা, সাহায্য ও অনুদান হিসেবে জাপান বাংলাদেশকে সহায়তা দিয়ে থাকে। গত বছর দেশটি থেকে পাওয়া মোট অনুদান ও সহায়তার পরিমাণ এক হাজার একশ’ কোটি ডলারে পৌঁছায়।
শ্রীলঙ্কা সফরে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সঙ্গে বৈঠক করবেন আবে। সমুদ্র নিরাপত্তা জোরদার নিয়ে তাদের আলোচনা হবে বলে নিক্কেই এশিয়ান রিভিউ জানিয়েছে।
