‘ইউরেনিয়াম’সহ গ্রেপ্তার ১১ জন রিমান্ডে
‘ইউরেনিয়াম’সহ গ্রেপ্তার ১১ জনকে তেজষ্ক্রিয় এই ধাতব পদার্থের উৎস জানতে চার দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
রাজধানী থেকে গ্রেপ্তার এই ১১ জনকে গ্রেপ্তারের পর রোববার বিকালে পুলিশ ঢাকার হাকিম আদালতে পাঠিয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায়।
মামলায় তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রবিউল আলম সাত দিন হেফাজতে চাইলেও শুনানি শেষে মহানগর হাকিম আনোয়ার ছাদাত চার দিন হেফাজতের নির্দেশ দেন।
১১ জনের পক্ষে জামিন চেয়ে তাদের আইনজীবীরা বলেন, আটক ২ পাউন্ড দ্রব্য পরমাণু বোমা তৈরির উপাদান ইউরেনিয়াম কি না, তা এখনো নিশ্চিত নয়।
“নিশ্চিত না হয়েই তাদের গ্রেপ্তার ও রিমান্ড চাওয়া প্রচলিত আইনের লঙ্ঘন। আর কাঠগড়ায় দাঁড়ানো এই ব্যক্তিদের ইউরেনিয়াম মজুদ রাখার মতো যোগ্যতা নেই,” বলেন এক আইনজীবী।
তবে আসামিদের পক্ষে জামিনের এই আবেদন নাকচ করেন হাকিম।
আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এই দ্রব্যকে ইউরেনিয়াম বলে দাবি করলেও তা পরীক্ষার জন্য আনবিক শক্তি কমিশনে পাঠানো হবে।
এই পরীক্ষার ফল জানতে সপ্তাহ দুয়েক লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ময়নাল হোসেন সাগর (৪৫), মো. হুমায়ুন কবির (৪৮), মো. কাইয়ুম চৌধুরী (৫৪), মো. কায়েশ আহম্মেদ (৫৪), মো. খালেক (৪৪), মো. স্বপন মোল্লা (৪৫), মো. ফিরোজ (৪৫), মো. মাহফুজুর রহমান নাসিম (৪২), মো. আসলাম মিয়া (৬১), মো. মইন উদ্দিন সরোয়ার রাজন (৩৫) ও মো. তোফায়েল আহমদ পাটোয়ারী (৪৮)।
রোববার সকালে এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তার এবং ৫০ কোটি টাকার দুই পাউন্ড ‘ইউরেনিয়াম’ উদ্ধারের কথা জানায় গোয়েন্দা পুলিশ।
কৃষ্ণপদ রায় বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ শনিবার ১১ জনকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বনানীর একটি বাসা থেকে দুই পাউন্ড ওজনের ওই ‘ইউরেনিয়াম’ পাওয়া যায়।
“তারা দাবি করেছে- এগুলো ইউরেনিয়াম। এগুলো বিক্রির জন্য তারা গত ছয় মাস ধরে ক্রেতা খুঁজছিল। উদ্ধার করা বস্তু আসলেই ইউরেনিয়াম কি না তা পরীক্ষার জন্য আমরা আনবিক শক্তি কমিশনে পাঠাব।”
ইউরোনিয়াম একটি উচ্চ ঘনত্বের তেজস্ক্রিয় মৌল, যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ও বোমা তৈরিতে ব্যবহৃত হয়।
গ্রেপ্তারদের মধ্যে আসলাম একজন গার্মেন্ট ব্যবসায়ী। বনানীতে তার বাসা থেকেই ‘ইউআর - (এ)’ লেখা খয়েরি রংয়ের চামড়ার বাক্সটি উদ্ধার করা হয় বলে কৃষ্ণপদ রায় জানান।
তিনি বলেন, “বিদেশি আমদানি নিষিদ্ধ বস্তু বিক্রির কথা বলে এরা প্রতারণা করে আসছিল। যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা এর সঙ্গে বিভিন্ন পর্যায়ে জড়িত। কেউ বিক্রির জন্য ক্রেতা সংগ্রহ করত, কেউ এটি সংরক্ষণ করত।”
উপকমিশনার কৃষ্ণপদ বলেন, কথিত ওই ইউরেনিয়াম বিক্রির জন্য চক্রটি একটি ভিডিও ব্যবহার করত। ৫০ হাজার টাকা ‘সিকিউরিটি মানি’ রেখে তারা সম্ভাব্য ক্রেতাদের ওই ভিডিও দেখাত। কেউ সরাসরি দেখতে চাইলে ৫০ লাখ টাকা ‘সিকিউরিটি মানি’ রাখা হত বলে গ্রেপ্তাররা জানিয়েছে।
ডিএমপিতে এই সংবাদ সম্মেলন চলাকালে এক নারীকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ের বাইরে অপেক্ষা করতে দেখা যায়।
নাম প্রকাশ না করে ওই নারী সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি গ্রেপ্তার কায়েসের স্ত্রী। তার স্বামী গত বৃহস্পতিবার রাতে ‘এক মিটিংয়ে’ যাওয়ার পর গ্রেপ্তার হন। রোববার সকালে তাকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আনার খবর পেয়ে তিনিও এসেছেন।
ওই নারীর দাবি, কায়েস ‘মজুদদারির ব্যবসা’ করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে ‘তদবির’ করেন। অনেক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তার পরিচয় আছে।
কথিত ইউরেনিয়ামের বিষয়ে জানতে চাইলে ওই নারী বলেন, তার স্বামীর মুখে এরকম কিছু তিনি শোনেননি।
