ফরিদপুরে যুবকের কব্জি কর্তন
ফরিদপুর শহরে এক যুবকের কব্জি ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, শহরের উত্তর আলীপুর রেল লাইন এলাকায় শনিবার রাত ১০টার দিকে এ হামলায় আহত মিলন প্রামানিককে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিরন ওই এলাকার আবুল কালাম প্রামানিকের ছেলে।
কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
তবে থানায় এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি বলে জানান তিনি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অনাদি রঞ্জন বলেন, এলোপাথড়ি কুপিয়ে মিলনের ডান হাতের কব্জি ও দুই পায়ের রগ কেটে দেয়া হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।
মিলনের বাবা আবুল কালাম প্রামানিক বলেন, রাত ১০টার দিকে বাজার করে বাড়ি ফেরার পথে স্থানীয় সন্ত্রাসী রিপন, মিলন ও মোস্তফা ও তার দলবল গ্রামের একটি বাড়ি ভাড়ার সাইনবোর্ড খুলে ফেলাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটিয়েছে।
তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানান।
