দুই ঘাটে পারাপারের অপেক্ষায় চারশ’ ট্রাক
প্রবল স্রোত ও ঘাট সংকটে ফেরি চলাচল বিঘ্ন ঘটায় মাওয়া ও কাওড়াকান্দি দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে অন্তত চারশ’ পণ্যবাহী ট্রাক।
রোববার ষষ্ঠ দিনের মতো মাওয়ায়-কাওড়াকান্দি ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। প্রবল স্রোত এবং ঘাটের অভাবে এ রুটের ১৬টি ফেরির মধ্যে চলাচল করছে ১৩টি ফেরি।
স্রোত কিছুটা কমায় ফেরিগুলো অতিরিক্ত টাগবোড (টেনে নেয়া জাহাজ) ছাড়াই চলাচল করছে জানিয়ে মাওয়া বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, তবে সময় বেশি লাগছে। মাওয়া থেকে ১৩ কিলোমিটার দূরত্বের কাওড়াকান্দি পৌঁছাতে দেড় থেকে দু’ঘণ্টা লাগলেও উল্টো স্রোতে মাওয়ায় ফিরতে সময় লাগছে এখন তিন থেকে পাঁচ ঘণ্টা।
ফাইল ছবি
এতে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় চারশ’ পণ্যবাহী ট্রাকসহ প্রায় সাড়ে চারশ’ যান রয়েছে বলে জানান তিনি।
পদ্মায় বিলীন হয়ে যাওয়া মাওয়া ৩ নম্বর ঘাট চালু হলে এ সমস্যা লাঘব হবে বলে জানান সিরাজুল হক।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. শামসুজ্জোহা তালুকদার জানান, মাওয়া স্পিডবোট ঘাটের কাছে নতুন ৩ নম্বর ফেরি ঘাটের কাজ দ্রুত এগিয়ে চলছে। সোমবার থেকে মঙ্গলবার নাগাদ নতুন ঘাটটি সচল হওয়ায় সম্ভবনা রয়েছে।
এদিকে এই নৌ রুটে লঞ্চ ও স্পিডবোট সার্ভিস সচল থাকলেও পদ্মা উত্তাল থাকায় সতর্কতার সঙ্গে চলছে নৌযানগুলো।
