চরে আটকা লঞ্চযাত্রীদের উদ্ধার
চাঁদপুরে মেঘনা নদীতে চরে আটকা পড়ার ১৩ ঘণ্টা পর লঞ্চ ‘এমভি সাত্তার খান-১’ এর যাত্রীদের উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা দেড়টায় এমভি রফ রফ-২ নামের একটি লঞ্চে করে আটকাপড়া লঞ্চ যাত্রীদের চাঁদপুরে নিয়ে আসা হয়।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. মোবারক হোসেন জানান, ‘এমভি সাত্তার খান-১’ লঞ্চটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে পটুয়াখালীর যাচ্ছিল। রাত সাড়ে ১০টায় চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুরের চরমনিপুর এলাকায় ডুবোচরে আটকা পড়ে।
চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান বলেন, যাত্রীদের উদ্ধার করে বেলা দেড়টার দিকে চাঁদপুরে নিয়ে আসা হয়েছে। এমভি আঁচল নামে একটি লঞ্চে করে দুপুরের তাদের পটুয়াখালী পাঠানো হবে। আর আটকাপড়া লঞ্চটি জোয়ারের সময় উদ্ধার করা হবে।
এছাড়া অতিরিক্ত যাত্রী বহনের দায়ে লঞ্চ ও কাগজপত্র জব্দ এবং কর্মচারীদের আটক করা হয়েছে। লঞ্চ ও এর কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে ঘটনাস্থল থেকে জানান রাকিবুল।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টায় এমভি রফ রফ-২ লঞ্চটি ঘটনাস্থলে পৌঁছে। পরে ট্রলারের সাহায্যে আটকাপড়া যাত্রীদের উদ্ধার করে লঞ্চে উঠানো হয়।
এদিকে উদ্ধার হওয়া যাত্রীরা গন্তব্যস্থল পটুয়াখালী যাওয়ার দাবিতে এমভি রফ রফ-২ লঞ্চে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিআইডব্লিউটিএ ও প্রশাসনের কর্মকর্তারা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়ার আশ্বাস দিলে তারা শান্ত হন।
লঞ্চ যাত্রী আতাহার হোসেন, শানু মিয়া ও হনুফা বেগম বলেন, আমরা দীর্ঘ সময় নদীতে চরে আটকা ছিলাম। ‘এমভি সাত্তার খান-১’ এর চালক ও কর্মচারীদের খামখেয়ালিপনার কারণে লঞ্চটি চরে আটকা পড়ে।
