ফরিদপুরে বিষক্রিয়ায় ৬৫ নার্সিং ছাত্রী
ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউটের ৬৫ জন ছাত্রী খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন।
সোমবার সকাল থেকেই তাদের ডায়বেটিক হাসপাতাল ও ছাত্রী নিবাসে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে, কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি তারা।
অসুস্থ ছাত্রীরা জানান, রোববার রাতের খাবার খাওয়ার পর থেকেই একে একে অসুস্থ হতে থাকেন। পরে তাদের ডায়বেটিক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালেরর ডা. লিখন জানান, হঠাৎ ৬৫ জন ছাত্রীর পেটের পীড়ায় আক্রান্তের কারণ রহস্যজনক। তবে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে ছাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. মনিদ্র বাড়ৈ জানান, “কী কারণে এমনটি হয়েছে তা বের করার জন্য আমরা ছাত্রী নিবাসের পানি ও খাদ্যের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছি।”
বিষক্রিয়ার কারণ নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগে বলা যাচ্ছে না বলে জানান তিনি।
