ভাড়া নিয়ে বিতণ্ডায় চালককে পিটিয়ে হত্যা
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করেছেন যাত্রীরা।
নিহত হযরত আলী (৩৫) সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আবদুস শহীদের ছেলে। তিনি সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর এলাকায় থাকতেন।
বিয়ানীবাজার থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রোববার রাতে বিয়ানীবাজারের মাথিউরা এলাকায় এ ঘটনার পর পাঁচজনকে আটক করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।
নিহতের খালাতো ভাই আবদুল হামিদকে উদ্ধৃত করে ওসি জানান, রোববার রাতে হযরত আলী কয়েকজন যাত্রী নিয়ে সিলেট থেকে মাথিউরায় যান।
রাত সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছার পর যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে যাত্রীরা তাকে ব্যাপক মারধর করলে গুরুতর আহত হন তিনি।
এ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
